২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল শাবাবের হামলা, খ্রিস্টানদের রক্ষায় মুসলিমদের প্রতিরোধ

কেনিয়ার একটি যাত্রীবাহী বাসে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় দুইজন নিহত ও অপর চারজন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Dec 2015, 12:06 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

এ হামলা চলাকালে বাসের খ্রিস্টান যাত্রীদের শনাক্ত করতে মুসলিম যাত্রীদের সরে দাঁড়াতে বলে জঙ্গিরা, কিন্তু মুসলিমরা তা করতে অস্বীকার করে বলে জানিয়েছেন এক যাত্রী।

সোমবার কেনিয়ার উত্তরপূর্বাঞ্চলের মান্দেরা এলাকায় এ ঘটনা ঘটে। 

এক বছর আগে একই এলাকায় আল শাবাব জঙ্গিরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে মুসলিম যাত্রীদের ছেড়ে দিয়ে অমুসলিম ২৮ যাত্রীকে গুলি করে হত্যা করেছিল।

এবারের ঘটনায় আক্রান্ত বাসটির এক মুসলিম যাত্রী আব্দি মোহামুদ আব্দি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আল শাবারের ১০ জঙ্গি বাসটিতে উঠে মুসলিম যাত্রীদের খ্রিস্টানদের থেকে আলাদা হওয়ার নির্দেশ দিলেও তারা তা প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, “এমনকি আমরা কয়েকজন অমুসলিমকে আমাদের ধর্মীয় বেশ পরিয়ে দিয়েছিলাম যেন সহজে তাদের চিনতে না পারা যায়। আমরা সবাই শক্তভাবে একসঙ্গে জড়ো হয়েছিলাম।

“জঙ্গিরা আমাদের গুলি করার ভয় দেখায়, কিন্তু আমরা তাদের কথা না মেনে আমাদের ভাই ও বোনদের রক্ষা করেছি। শেষ পর্যন্ত তারা হাল ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু ফের আসতে পারে বলে সতর্ক করে।”

আগের অনেকগুলো হামলাতে আল শাবাব মুসলিম ও অমুসলিম সবাইকেই হত্যা করেছে।

স্থানীয় ডেপুটি কাউন্টি কমিশনার জুলিয়াস ওতিয়েনো মোহামুদ আব্দির কথা সমর্থন করে বলেন, “কারা মুসলিম আর কারা অমুসলিম, জঙ্গিরা তা বের করতে চেয়েছিল, কিন্তু মুসলিম যাত্রীরা সহায়তা করতে অস্বীকার করে।”

এর জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যায় বলে উভয়েই দাবি করেন।

আল শাবাবের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব জানিয়েছেন, তাদের যোদ্ধারা বাসটি লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল।

রয়্টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “এতে কিছু খ্রিস্টান শত্রু নিহত ও অন্যরা আহত হয়।”­­

তবে হামলা সময় বাসের মুসলিম যাত্রীদের প্রতিক্রিয়া বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি কোনো উত্তর দেননি।  

গত বছর জঙ্গিরা ২৮ বাস যাত্রীকে হত্যার পর থেকে মান্দেরা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে পুলিশি প্রহরা বসানো হয়েছিল।

এ বাসটিতে পুলিশ ছিলনা কেন, এ প্রশ্নের উত্তরে কেনিয়া পুলিশের মুখপাত্র চার্লস ওবিনো জানান, আক্রান্ত বাসটি পুলিশের রোডব্লককে বাইপাস করে চলে গিয়েছিল।