২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলমান্দের শহর তালেবানের দখলে, তুমুল লড়াই

আফগানিস্তানে হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ সানগিন শহর দখল করেছে তালেবান। শহরটির পুলিশ সদরদপ্তর তালেবান অবরোধমুক্ত করতে নিরাপত্তা বাহিনী প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 08:55 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

স্যাটেলাইট ফোনে সানগিনের পুলিশ কমান্ডার মোহাম্মদ দাউদ বিবিসি’কে বলেন, তালেবান যোদ্ধারা গত দুইদিন ধরে তাদের ঘিরে রেখেছে। তাদের জরুরি সাহায্য প্রয়োজন।

“আমার চারপাশে হতাহতরা পড়ে আছে। গত দুইদিন ধরে আমরা কিছু খাইনি। যদি কয়েক ঘণ্টার মধ্যে আমাদের সাহায্য না আসে তবে তারা আমাদের জীবিতই ধরে ফেলবে।”

“শুধুমাত্র পুলিশ সদরদপ্তরটিই আমাদের দখলে আছে। আমাদের সঙ্গে সেনাবাহিনীর এক ব্যাটেলিয়ন সেনাও যুদ্ধ করছে। জেলা কার্যালয় ও গোয়েন্দা অধিদপ্তরের দখল তালেবানদের হাতে চলে গেছে।”

এর আগে হেলমান্দের ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রাসুলিয়ার ফেইসবুকে এক খোলা চিঠিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির কাছে তার প্রদেশে সরকারি সাহায্যের অভাবের কথা জানিয়েছেন।

চিঠিতে তিনি বলেন, চলমান সংঘর্ষে অন্তত ৯০ সেনা নিহত হয়েছে। সেখানকার বাস্তব পরিস্থিতির বিষয়ে প্রেসিডেন্টকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

“শত্রুদের কাছে হেলমান্দের পতন হবে এবং এটির অবস্থা কুন্দুজের মত নয়। তালেবানদের দখল থেকে কুন্দুজ শহর উদ্ধারের জন্য সেখানে বিমান হামলা চালানো সম্ভব হয়েছে। কিন্তু হেলমান্দ সেটা সম্ভব হবে না।”