২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের আর্থিক উৎস বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছে কোনভাবেই যেন অর্থ যেতে না পারে তা নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের অর্থমন্ত্রীরা একটি প্রস্তাব গ্রহণ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 02:01 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

বিবিসি বলছে, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার আর্থিক উৎস বন্ধের লক্ষ্যে ১৯৯৯ সালে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল তার আলোকেই আইএসের বিরুদ্ধে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

আইএস মূলত তেল ও পুরাকীর্তি বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করছে।

ইরাক ও সিরিয়ার অনেকগুলো তেলক্ষেত্র আইএস জঙ্গিদের দখলে রয়েছে। পাশাপাশি দেশ দুটিতে রয়েছে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

কিন্তু এই জঙ্গিগোষ্ঠীটি যেন কোনোভাবেই অর্থ সংগ্রহ করতে না পারে সেজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবে বিশ্বের সব দেশের প্রতি আরো কার্যকরভাবে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

আইএসকে বিশ্বের সবচে ধনী সন্ত্রাসী-জঙ্গি সংগঠন বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।

সাম্প্রতিক এক পর্যবেক্ষণে বলা হচ্ছে, এই জঙ্গি গোষ্ঠীটি প্রতিমাসে ৮ কোটি মার্কিন ডলার আয় করছে।

প্রস্তাবে বিশ্বের সবদেশের প্রতি তাদের নিষেধাজ্ঞার তালিকায় আইএসকে অন্তর্ভুক্ত করা এবং এই গোষ্ঠীটি সম্পর্কে তথ্য আদান-প্রদানের বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে।

পাশাপাশি আইএসের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, ১২০ দিনের মধ্যে তার একটি প্রতিবেদন দেওয়ার কথাও বলা হয়েছে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিও এই প্রস্তাবে আহ্বান রাখা হয়েছে। ৪৫ দিনের মধ্যে আইএসের আর্থিক উৎস সম্পর্কে একটি ‘কৌশলগত প্রতিবেদন’ সরবরাহ করার জন্য মুনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ৭০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো এই বিশ্ব সংস্থাটির নিরাপত্তা পরিষদের সবগুলো দেশের অর্থমন্ত্রীরা একসঙ্গে কোন বৈঠকে মিলিত হলেন।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রস্তাবটি এনেছে আর তাতে নিরাপত্তা পরিষদের সবদেশ সমর্থন জানিয়েছে।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, আইএসের তেল পাচার হয়ে তুরস্কে যাচ্ছে। এবং এর মাধ্যমে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও তার পরিবারের সদস্যরা লাভবান হচ্ছেন।

কিন্তু এই অভিযোগ প্রত্যাখ্যান করে তুর্কি প্রেসিডেন্ট পুতিনের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন তিনি।

রুশ প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, তাদের হাতে প্রমাণ রয়েছে।

সম্প্রতি একটি রুশ বিমান তুর্কি যুদ্ধ বিমানের গুলিতে ভূপাতিত হওয়ার পর দুই দেশের পক্ষ থেকে অভিযোগ-পাল্টা অভিযোগ আসা শুরু হয়। এসবের মাঝে আইএসের তেল চোরাচালানের বিষয়টিও সামনে চলে আসে।

অপরদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আইএসের কাছ থেকে তেল কিনছেনও বলেও অভিযোগ রয়েছে।