ক্যালিফোর্নিয়ায় হামলাকারীর বন্ধুর বিরুদ্ধে অভিযোগ
চলতি মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৪ জনকে গুলি করে হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে হামলাকারী দম্পতির এক বন্ধুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়।
২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান র্বার্নাডিনোতে একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে গুলি চালিয়ে ১৪জনকে হত্যা করেন বিবাহিত দম্পতি সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাফশিন মালিক (২৯) ।
২৪ বছর বয়সী এনরিক মারকুইজের অবৈধভাবে কেনা দুটি রাইফেল ক্যালিফোর্নিয়ার হামলায় ব্যবহার করা হয়েছিল।
বিবিসি বলছে, মারকুইজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে সৈয়দ রিজওয়ান ফারুকের সঙ্গে ২০১১ ও ২০১২ সালে একটি বিশ্ববিদ্যালয়ে হামলার পরিকল্পনা করাসহ অবৈধভাবে অস্ত্র ক্রয়ের অভিযোগও রয়েছে।
মার্কিন অ্যাটর্নি ইলেন ডেকার বলেন, “যদিও ২ ডিসেম্বরের হামলায় মারকুইজের অংশগ্রহণের কিংবা তিনি এটি আগাম জানতেন এমন কোনো প্রমাণ নেই, কিন্তু তার অস্ত্র ক্রয়ের ইতিহাস এবং ফারুকের নির্বিচার হত্যাকাণ্ড ঘটানোর প্রবণতা রয়েছে যা মারাত্মক পরিণতি ডেকে এনেছিল- এই বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক না করার ব্যর্থতা তার রয়েছে।”
তার বিরুদ্ধে আনা অভিযোগের বিবরণে জানা গেছে, মারকুইজ সান র্বার্নাডিনোতে হামলার কয়েক ঘণ্টা পর জরুরি সার্ভিসে ফোন করে জানান, হামলাকারীরা তার অস্ত্র ব্যবহার করেছেন।
এফবিআই সূত্রে জানা গেছে, মারকুইজকে ১১দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতে অতীতে হত্যা পরিকল্পনায় নিজের ভূমিকার কথা তিনি স্বীকার করেছেন। তবে সেসব পরিকল্পনা কোনদিনই বাস্তব হয়নি বলেও তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন।
আদালতের রেকর্ড থেকে জানা গেছে, ফারুক এবং মারকুইজ এক সময় পাশাপাশি বাসায় থাকতেন। সেই সময়েই ফারুকের মাধ্যমে মারকুইজ ইসলাম ধর্মের সঙ্গে পরিচিত হন। সেখানেই তারা উগ্রপন্থি ইসলামি ভিডিও দেখতেন। সেসব ভিডিওর মধ্যে সাবেক আল-কায়েদা নেতা আনওয়ার আল-আওলাকির লেকচারও রয়েছে।
মারকুইজ এবং ফারুক স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলারও পরিকল্পনা করেছিলেন। বোমা হামলার পর আতঙ্কিত ছাত্ররা যখন দৌড়ে বাঁচতে চাইবে তখন তাদের গুলি করা হবে বলেও পরিকল্পনা করেছিলেন তারা।
তারা দুজনেই এক সময় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
২০১২ সালে ফারুক ও মারকুইজ ফায়ারিং রেঞ্জেও গিয়েছিলেন সেই সঙ্গে হামলার পরিকল্পনাও চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ওই সময় ওই অঞ্চলে সন্দেহভাজন একজন সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার পর মারকুইজ ফারুকের সঙ্গে দূরত্ব বাড়ান।
তদন্তকারীদের মারকুইজ বলেন, ফারুক দেখতে ককেশীয়দের মতো বলেই তিনি তার জন্য অস্ত্র এনেছিলেন। যদিও ফারুক দেখতে মধ্যপ্রাচ্যের মানুষদের মতো।
কর্তৃপক্ষ মারকুইজের বিরুদ্ধে ফারুকের এক আত্মীয়ের সঙ্গে নকল বিয়ের অভিযোগও এনেছে।
যুক্তরাষ্ট্রে বৈধতা পাইয়ে দেওয়ার লক্ষ্যেই ওই বিয়ে করেছিলেন মারকুইজ। আর ওই নকল বিয়ের জন্য মারকুইজকে প্রতিমাসে অর্থ দেওয়া হতো।
মারকুইজ ওয়াল-মার্টে একজন নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। তিনি মার্কিন নেভিতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন।
ক্যালিফোর্নিয়ায় হামলার ঘটনার পর তিনি মানসিক স্বাস্থ্যসেবাও গ্রহণ করেছেন।
