‘ক্যালিফোর্নিয়ার হামলাকারীরা সন্ত্রাসী সেলের অংশ ছিলেন না’
চলতি মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৪ জনকে গুলি করে হত্যা করেন যে দম্পতি, তারা কোনো সন্ত্রাসী সেলের অংশ ছিলেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বুধবার নিউ ইয়র্কে সন্ত্রাস-বিরোধী এক সম্মেলনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর প্রধান জেমস কোমি এ কথা জানান।
ওই দম্পতি ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হলেও সরাসরি জঙ্গিগোষ্ঠীটির মাধ্যমে পরিচালিত হননি, তদন্তকারীরা এমনটি মনে করেন বলে নিশ্চিত করেন তিনি।
২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান র্বার্নাডিনোতে একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে গুলিবর্ষণ করে ১৪ জনকে হত্যা করেন বিবাহিত দম্পতি সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাফশিন মালিক (২৯) ।
এ ধরনের ছোট মাত্রার হামলা পরিচালনার প্রেরণা যোগানের মাধ্যমে আইএস সন্ত্রাসের ধরনে ‘বিপ্লব’ ঘটিয়েছে বলে মন্তব্য করেন কোমি। বিশ্বব্যাপী অনুসারী সংগ্রহ করার জন্য গোষ্ঠীটি সামাজিক যোগাযোগ মাধ্যম, গোপন যোগাযোগ ও অন্যান্যভাবে প্রচার-প্রচারণা চালিয়ে থাকে বলে জানান তিনি।
আল কায়েদাকে আইএসের জনক উল্লেখ করে তিনি বলেন, “আজ আমরা যে ধরনের হুমকি মোকাবিলা করছি আল কায়েদার হুমকি তার চেয়ে অনেক আলাদা ছিল।”
ফারুক ও তাশফিন ২০১৩ সালের প্রথম দিকে ব্যক্তিগত যোগাযোগে ‘জিহাদ ও শহীদ’ হওয়ার প্রতি সমর্থন জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই কাজ কখনো করেননি বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যজুড়ে এফবিআই বর্তমানে ‘কয়েকশত’ সম্ভাব্য আইএসের মাধ্যমে অনুপ্রাণিত প্লটের বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছেন কোমি।
