সিডনি টর্নেডো: বিক্রির কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি বিধ্বস্ত
অস্ট্রেলিয়ার সিডনির একটি পরিবার ১১ লাখ অস্ট্রেলীয় ডলারে নিজেদের বাড়ি বিক্রি করার কয়েক ঘন্টার মধ্যেই টর্নেডোতে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে।
বিবিসি জানায়, বুধবার সিডনির কার্নেল এলাকার ওপর দিয়ে ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে টর্নেডোটি বয়ে যায়।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়গুলোর মধ্যে এটিই সবচেয়ে তীব্র গতির ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো।
ঝড়ে দুইজন আহত হয়েছেন, এছাড়া তেমন কেউ গুরুতর আঘাত পাননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঝড়ের আগের দিন মঙ্গলবার বিকেলে ক্যান্সার আক্রান্ত ফ্রাঙ্ক পার্টলিকের পরিবার তাদের বাড়িটি ১১ লাখ ডলারে বিক্রি করে দেয়, আর পরদিন বুধবার সকালে টর্নেডোতে বাড়িটি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
সিডনি মর্নিং হেরাল্ডকে পার্টলিক বলেন, “নিলামে সাগরপারের বাড়িগুলোর মধ্যে এটি রেকর্ড দামে বিক্রি হয়। বাড়ি বিক্রি ছাড়া উপায় ছিল না।”
বিপর্যয় সত্বেও বাড়ির নতুন মালিক ক্রয় চুক্তি নিয়ে এগিয়ে যেতে চান বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ঝড়ের পর একদিন পার হলেও কার্নেলের বিদ্যুৎ ও নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হয়নি।
ক্রিসমাস পরবের মাত্র এক সপ্তাহ আগে বড় ধরনের এ প্রাকৃতিক দুর্যোগে কার্নেলের বাসিন্দারা বিপর্যস্ত হয়ে পড়েছেন।
কাছেই অবস্থিত সিডনি বিমানবন্দর খোলা থাকলেও আবহাওয়ার কারণে বিমান উঠানামায় সময় বেশি লাগছে বলে জানা গেছে।
