২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকার একটি দ্বীপে আবু সায়েফ বিদ্রোহীদের সঙ্গে সেনাদের লড়াইয়ে ১৫জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2015, 03:21 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

মঙ্গলবার বাসিলান দ্বীপের এ ঘটনায় নিহতদের মধ্যে ১৩জন বিদ্রোহী ও দুজন সরকারি সেনা।

সেনাবাহিনীর মুখপাত্র ফাইলমোন তান জানান, মালয়েশীয় এক জিম্মিকে শিরশ্ছেদে হত্যার পর নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টায় বাসিলানের বাকরা শহরের কাছের জঙ্গলে বিদ্রোহীদের সঙ্গে সেনাদের বন্দুক লড়াই শুরু হয়। লড়াইয়ে ১৩ বিদ্রোহী ও দুই সেনা নিহত এবং আরো ১০ সেনা আহত হন।

রোববার থেকে সেনারা ওই এলাকায় অবস্থান নিলেও মঙ্গলবারই দুপক্ষের মধ্যে তীব্র লড়াই হয় বলে জানান তান।

দুপক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ এখনও অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।

গেল মাসে রেস্তোরাঁ মালিক ওই মালয়েশীয়কে হত্যার সময় থেকে আবু সায়েফ গোষ্ঠীর বিদ্রোহীরা জোলো ও বাসিলান দ্বীপ থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দেওয়া শুরু করেছিল।  

মালয়েশীয় নাগরিককে হত্যার পর ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো আবু সায়েফ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন। নির্দেশের পর ১৮ নভেম্বর থেকে আবু সায়েফের বিরুদ্ধে অভিযানে নামে সেনাবাহিনী।

সোমবার জোলো দ্বীপের একটি কবরে মাথাহীন একটি লাশ খুঁজে পায় সেনাবাহিনী। লাশটি মালয়েশীয় ব্যবসায়ীর বলে ধারণা করা হচ্ছে।

ডিএনএ পরীক্ষার জন্য মাথাহীন লাশটি পুলিশের গবেষণাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান আরোজাদো। এর আগে মালয়েশীয় ব্যবসায়ীর বিচ্ছিন্ন মাথাটি ডিএনএ পরীক্ষার জন্য একই গবেষণাগারে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন আরেক কর্মকর্তা।

আল কায়েদার সঙ্গে সম্পর্কিত উগ্র-ইসলামপন্থি গোষ্ঠী আবু সায়েফের বিরুদ্ধে অপহরণ, শিরশ্ছেদ ও বোমা হামলা চালানোর অভিযোগ রয়েছে।

খ্রিস্টান প্রধান ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্য সায়েফ গোষ্ঠী সবচেয়ে নৃশংস।