২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস হামলায় জড়িত সন্দেহে তিনজন আটক

প্যারিসে জানুয়ারি ও নভেম্বরে ঘটে যাওয়া দুইটি সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে ফরাসি পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 10:13 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

ফ্রান্সের বিচার বিভাগের কর্মকর্তারা রয়টার্সকে বলেন, আটক তিনজনের মধ্যে একজন নারী। তাদের মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।

বিচারবিভাগের পক্ষ থেকে বলা হয়, আটক দুই পুরুষের মধ্যে একজনকে প্যারিসের পূর্বদিকের ভিয়ে-সুহ-মান এলাকা থেকে আটক করা হয়। সে নভেম্বরের হামলার সঙ্গে ‘কোনোভাবে’ জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

এর আগে জানুয়ারিতে প্যারিসে আহমেদ কুলিবালি নামে এক ব্যক্তি একজন নারী পুলিশ এবং আরও চার ব্যক্তিকে হত্যা করে।

কুলিবালিকে অস্ত্র সরবরাহ করেছেন এ সন্দেহে অন্য একজন পুরুষ ও এক নারীকে মঙ্গলবার আটক করা হয় বলেও জানিয়েছে ফ্রান্সের বিচার বিভাগ।

সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্স জুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে। এর মধ্যেই সোমবার প্যারিস উপকণ্ঠে একটি নার্সারি স্কুলের একজন শিক্ষককে এক ব্যক্তি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ছুরিকাঘাতের সময় হামলাকারী ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে স্লোগান দিয়েছিল বলে জানান আহত ওই শিক্ষক।