ইরাকে এবছর ২৯ সাংবাদিক নিহত
ইরাকে এবছর এখন পর্যন্ত ২৯ জন সাংবাদিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই ইসলামিক স্টেটের (আইএস) হাতে প্রাণ দিয়েছে বলে জানিয়েছে দেশটির সাংবাদিকদের একটি সিন্ডিকেট।
সিন্ডিকেটের প্রতিবেদনে বলা হয়, ইরাকে আইনের শাসন না থাকায় এবং দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সরকারি অধিদপ্তরগুলোর সঠিক ধারণার অভাবে সেখানে সাংবাদিকদের নিরপত্তা হুমকির মধ্যে থাকতে হয়।
এ বছর আইএস নিয়ন্ত্রিত নগর মসুল ও এর আশেপাশের এলাকায় জঙ্গিরা ২০ জন সাংবাদিককে হত্যা করেছে বলেও প্রতিবেদনে প্রকাশ করা হয়।
এছাড়া, আইএস এর বিরুদ্ধে যুদ্ধ চলাকালে ঘটনাস্থল থেকে খবর সংগ্রহ করার সময় তিনজন এবং ইরাকের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলায় আরও ছয়জন প্রাণ হারায়।
সিনহুয়া জানায়, ২০০৩ সালের পর ইরাকে খবর সংগ্রহ করতে গিয়ে ৪৩৫ সাংবাদিক প্রাণ হারিয়েছে।
প্রাণনাশ ছাড়াও এবছর ৪৩ জনের বেশি সাংবাদিককে অপহৃত হয়েছে, মার খেয়েছে কিংবা তাদের প্রধান কার্যালয় ও বাড়িতে হামলার শিকার হয়েছে।
