২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ বিমান বিধ্বস্তে সন্ত্রাসের প্রমাণ নেই: মিশর

সিনাই উপত্যকায় রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সন্ত্রাস বা অপরাধ কর্মকাণ্ডের কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে মিশর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2015, 07:53 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

৩১ অক্টোবর রুশ এয়ারলাইন্স কোগলিমভিয়ার এ-৩২১ মডেলের একটি বিমান মিশরের শার্ম আল-শাইখের রেড সি রিসোর্ট থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে বিধ্বস্ত হয়ে এর ২২৪ আরোহীর সবাই মারা যায়।

রাশিয়া এবং বেশ কয়েকটি পশ্চিমা দেশের তদন্ত দলের দাবি, বোমা পেতে রেখে বিমানটি বিধ্বস্ত করা হয়েছে। ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকেও বিমানটি ধ্বংস করার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়।

কিন্তু সোমবার মিশরের বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,  তাদের তদন্ত কমিটি এ ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করেছে এবং সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো প্রমাণ খুঁজে না পাওয়ার কথা বলা হয়েছে।

“তদন্ত কমিটি এখন পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বা অবৈধ হস্তক্ষেপের ইঙ্গিতবাহী কিছু খুঁজে পায়নি।”

এ ঘটনা মিশরের পর্যটনখাতে গুরুতর প্রভাব ফেলেছে।

মিশরের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় রাশিয়া ও যুক্তরাজ্য দেশটির সঙ্গে তাদের বিমান চলাচল স্থগিত রেখেছে।