ফ্রান্সে আইএস নাম নিয়ে শিক্ষকের উপর হামলা
ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলের একটি নার্সারি স্কুলে ইসলামিক স্টেটের নামে এক ব্যক্তি একজন শিক্ষককে ছুরিকাঘাত করেছে। ‘আইএস স্লোগান’ দিয়ে সে এ হামলা চালায়।
কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, এদিন স্থানীয় সময় সকাল ৭ টার দিকে হামলাকারী একটি ছুরি বা বক্সকাটার দিয়ে হামলা চালায়। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ত্রাস বিরোধী কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ বছর বয়স্ক ওই শিক্ষক হামলার সময় শ্রেণীকক্ষে একাই ছিলেন। তার অবস্থা গুরুতর নয়।
হামলাকারী “এটি দায়েশ (ইসলামিক স্টেট), এটি একটি সতর্কবার্তা” বলে চিৎকার করে বক্স কাটার দিয়ে শিক্ষকের গলাসহ শরীরের একদিকে আঘাত করে।
পুলিশ জানায়, ওভ্যাহবিইয়ে এলাকার জ্যঁ-পেহা প্রিস্কুলের ওই শিক্ষক সকালে ক্লাস শুরুর প্রস্তুতি নেওয়ার সময় এ ঘটনা ঘটে। ৩ থেকে ৬ বছর বয়সী শিশুরা স্কুলটির শিক্ষার্থী।
হামলাকারী মুখমণ্ডল ঢাকা টুপি এবং গ্লাভস পরা ছিল। স্কুলে প্রবেশের সময় তার হাতে কোনো অস্ত্র ছিল না বলেও জানিয়েছে পুলিশ। সে শ্রেণীকক্ষে থাকা ছুরি নিয়েই শিক্ষককে আক্রমণ করে।
স্থানীয় কর্মকর্তা ফিলিপ গ্যালি জানান, হামলার সময় শ্রেণীকক্ষে কোনো শিশু ছিল না। কিন্তু স্কুলের অন্যান্য কর্মীরা ভবনে ছিল। এ ঘটনার পর স্কুল ছুটি ঘোষণা করা হয়।
প্যারিস কৌসুঁলি কার্যালয়ের সন্ত্রাস দমন ব্রাঞ্চ এ ঘটনার তদন্ত করছে।
ফ্রান্সে একটি নার্সারি স্কুলে ইসলামিক স্টেটের নামে স্লোগান দিয়ে এক ব্যক্তি একজন শিক্ষককে ছুরিকাঘাত করার পর ঘটনাস্থলে অবস্থান নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা, ডিসেম্বর ১৪, ২০১৫। ছবি: রয়টার্স
প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটির স্কুলগুলোর নিরপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনার পরপরই ফ্রান্সের শিক্ষামন্ত্রী স্কুলটি পরিদর্শন করেন। এ ঘটনাকে তিনি ‘গুরুতর অপরাধ’ এবং ‘কোনোভাবেই মেনে নেওয়া যায় না’ বলে বর্ণনা করেন।
গত সপ্তাহে শিক্ষামন্ত্রী বলেছিলেন, “ফ্রান্সে সন্ত্রাসের হুমকি বাস্তব এবং এ হুমকি এখন স্থায়ী হয়ে গেছে।”
“সব ধরনের জনসমাগম এলাকাকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে, বিশেষ করে স্কুলগুলোকে।”
