অপহৃত হওয়ার পর ছাড়া পেলেন গাদ্দাফিপুত্র
লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবল স্বল্প সময়ের জন্য অপহৃত হওয়ার পর ছাড়া পেয়েছেন।
নিরাপত্তা সূত্রের বরাতে বিবিসি বলছে, লেবাননের একটি সশস্ত্র গোষ্ঠী হানিবলকে অপহরণ করার পর মুক্তি দিয়েছে।
লেবাননের একটি টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, একজন বন্দি ব্যবসায়ীকে ১৯৭৮ সালে নিখোঁজ হয়ে যাওয়া বিশিষ্ট লেবানিজ শিয়া ধর্মীয় নেতা মুসা আল-সদর সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৈরুত থেকে হানিবলকে অপহরণ করার পর বালবেক শহরে ছেড়ে দেওয়া হয়। ৪০ বছর বয়সী সাবেক ক্রীড়াবিদকে ২০১২ সালে ওমান আশ্রয় দেয়।
২০১১ সালে তীব্র গণআন্দোলনের মুখে হানিবলের পিতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও পরবর্তী সময়ে বিদ্রোহীদের হাতে নিহত হন।
আল-সদর বিংশ শতাব্দীর অন্যতম বিশিষ্ট শিয়া ধর্মীয় নেতা ছিলেন। তিনি ১৯৭৮ সালে লিবিয়া সফরকালে আরো দুইসঙ্গীসহ নিখোঁজ হন।
আল-সদরের নিখোঁজ হওয়ার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার কথা মুয়াম্মার গাদ্দাফি অস্বীকার করলেও অনেকেই বিশ্বাস করেন এর পেছনে সাবেক এই একনায়কের হাত ছিল।
এই ঘটনায় দুই দেশের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন তিক্ত ছিল।
অবশ্য হানিবল কতদিন ধরে লেবাননে অবস্থান করছেন তা জানা সম্ভব হয়নি।
মা সাফিয়া ও বোন আয়েশার সঙ্গে হানিবলও ওমানে গৃহবন্দি ছিলেন।
