২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হুমকি সৃষ্টিকারী সব শক্তি ধ্বংস করুন: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় রুশ বাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়ানো যে কোনো শক্তিকে ‘তাৎক্ষণিকভাবে ধ্বংস’ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2015, 09:28 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

আর এজন্য সামরিক বাহিনীকে ‘অত্যন্ত কঠোর’ ব্যবস্থা নিতে বলেছেন তিনি। শুক্রবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বার্ষিক বৈঠকে পুতিন এ নির্দেশ দেন।

তিনি বলেন, সিরিয়ায় রুশ সামরিক বাহিনী বা স্থল স্থাপনায় হুমকি সৃষ্টিকারী যে কোনো শক্তিকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দিতে হবে।

রুশ বাহিনী কি ধরনের হুমকি মোকাবেলা করবে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি পুতিন।

তবে সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা নিয়ে সম্প্রতি তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপড়েন চলছে।

গত মাসে তুরস্ক সীমান্ত এলাকায় তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রুশ এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করে।

পুতিন তার বক্তব্যে তুরস্কের নাম উল্লেখ না করলেও এ ধরনের উস্কানির পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে সতর্ক করেছেন ।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটিতে সেপ্টেম্বর থেকে বিমান হামলা শুরু করেছে রাশিয়া।

শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) দাপট ক্রমেই বাড়ছে। দেশের ৭০ শতাংশই আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে আছে।