২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস এর ‘অর্থপ্রধান’ বিমান হামলায় ‘নিহত’

মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ‘অর্থপ্রধান’ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 09:34 AM

Updated : 22 Aug 2022, 02:13 PM

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিহত সেই আইএস নেতার নাম মোফাক মুস্তাফা মোহাম্মেদ আল-কার্মুশ ওরফে আবু সালাহ। এই দলের আরও দুই জ্যেষ্ঠ নেতা গত কয়েক সপ্তাহের বিমান হামলায় নিহত হয়েছেন।  

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে এক ভিডিও কলে আবু সালাহ’র নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবিরোধী কালো তালিকায় আবু সালাহ’র নাম ছিল। সেখানে তাকে একজন ইরাকি নাগরিক হিসেবে নথিভুক্ত করা হয়েছে, যার জন্ম ১৯৭৩ সালে।

কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, এই জঙ্গি গোষ্ঠীর আর্থিক নেটওয়ার্ক পরিচালনায় অন্যতম জ্যেষ্ঠ এবং অভিজ্ঞ নেতা ছিলেন আবু সালাহ। তার সঙ্গে নিহত দুজনের মধ্যে আবু মরিয়ম আইএস এর অপহরণ ও মুক্তিপণ আদায় কর্মকাণ্ডের তদারক করতেন। আর আবু ওয়াকমান আল-তিউনিস সমন্বয় করতেন অস্ত্র, তথ্য ও লোকবল বণ্টনের বিষয়গুলো। 

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন এই জোট গত এক বছরের বেশি সময় ধরে ইরাক ও সিরিয়ায় আইএস এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। সম্প্রতি লিবিয়াতেও তাদের বিমান হামলায় এক আইএস নেতা নিহত হয়েছেন।