আল শাবাবের সদস্য মার্কিন নাগরিক গ্রেপ্তার
সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল শাবাবের সদস্য যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী।
বিবিসিকে দেশটির সরকারি কর্মকর্তা হুসেনই বারি মোহম্মদ জানান, রোববার সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ২২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বারাবি শহরে যাওয়ার পথে সোমালি সেনাবাহিনী তাকে আটক করে।
আল শাবাবের অভ্যন্তরীণ কোন্দলে তার বন্ধুরা নিহত হলে যুক্তরাষ্ট্রের নাগরিক ওই জঙ্গি গোষ্ঠীটি ছাড়ার চেষ্টা করছিলেন বলে জানান মোহাম্মদ। দল ছেড়ে পালিয়ে আসার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
আল শাবাবের অভ্যন্তরীণ ওই কোন্দলের কারণ জানা যায়নি।
আল কায়েদার আনুগত্য ছেড়ে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) আনুগত্য গ্রহণ করা হবে কিনা, এ প্রশ্নে জঙ্গিগোষ্ঠীটির মধ্যে সম্প্রতি কিছুটা ভাঙন দেখা দিয়েছে।
সোমালিয়ার বারাবি জেলার প্রশাসক মোহাম্মদ আরও জানান, যুক্তরাষ্ট্রের ওই জঙ্গি দীর্ঘদিন ধরে আল শাবাবের সঙ্গে ছিলেন।
তিনি আরো জানান, কেনিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় গারিসা বিশ্ববিদ্যালয়ে চালানো আল শাবাবের হামলার সঙ্গে গ্রেপ্তার জঙ্গি জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। চলতি বছরের প্রথম দিকে চালানো ওই হামলায় ১৪৮ জন নিহত হয়েছিলেন।
গ্রেপ্তার ব্যক্তি সোমালি ভাষায় কথা বলতে পারেন না বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নাগরিকসহ কয়েকটি দেশের কয়েকশত নাগরিক আল শাবাবে যোগ দিয়েছেন বলে ধারণা করা হয়।
