সিরিয়ার সেনাশিবিরে হামলার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী সিরিয়ার একটি সেনা শিবিরে প্রণাঘাতী হামলা চালিয়েছে বলে সিরিয়া যে অভিযোগ করেছে তা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
জোট বাহিনীর কর্মকর্তারা হামলার প্রতিবেদনটিকে ‘সত্য নয়’ বলে দাবি করেছেন।
সিরিয়া জানিয়েছে, রোববার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় দির আল জউর প্রদেশে জোট বাহিনীর চারটি জঙ্গিবিমান তাদের একটি সেনা শিবিরে হামলা চালিয়ে তিন সেনাকে হত্যা ও ১৩ জনকে আহত করেছে।
ঘটনাটিকে ‘সুস্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করেছে সিরীয় সরকার।
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো এ ধরনের অভিযোগ জানালো সিরিয়া সরকার।
সিরিয়ায় শুধু আইসের লক্ষ্যে হামলা চালানোর কথা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর। কিন্তু সিরিয়ার অভিযোগ সত্য হয়ে থাকলে দেশটির গৃহযুদ্ধকে কেন্দ্র করে ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাত আরো জটিল হয়ে উঠবে।
সিরিয়া সরকার অভিযোগ করার আগে গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক গোষ্ঠী ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এক প্রতিবেদনে বলেছে, সম্ভবত জোট বাহিনীর জঙ্গিবিমানগুলো দির আল জউর প্রদেশের আয়াশ শহরের কাছে সিরিয়ার সায়েকা সামরিক শিবিরের একটি অংশে হামলা চালিয়েছে, তাতে সিরীয় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।
কিন্তু নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত সিরিয়ার ওই সেনা শিবিরে প্রাণঘাতী হামলার জন্য রাশিয়া দায়ী।
ওই হামলার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর জঙ্গিবিমানগুলো দায়ী, এ অভিযোগ সরাসরি খারিজ করে দেন তিনি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া আসাদকে রক্ষার জন্য তার পক্ষ হয়ে বিদ্রোহীদের উপর বিমান হামলা চালাচ্ছে। দেশটি দির আল জউর প্রদেশেও অভিযান পরিচালনা করছে।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেক সামরিক কর্মকর্তাও হামলার জন্য রাশিয়ার টিইউ-২২ বোমারু বিমানের দিকে ইঙ্গিত করেছেন।
জোট বাহিনীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দূত ব্রেট ম্যাকগার্কও হামলায় জোট বাহিনীর দায় অস্বীকার করেছেন।
ট্যুইটারে পোস্ট করা এক মন্তব্যে তিনি বলেন, “জোট বাহিনীর সংশ্লিষ্ট থাকার প্রতিবেদনগুলো সত্য নয়।”
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বাগদাদভিত্তিক মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, রোববার দির আল জউর প্রদেশে জোট বাহিনী চারটি হামলা চালিয়েছে। সবগুলো হামলাই তেল খনির কূপের মাথা লক্ষ করে চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পাল্টা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার প্রতিক্রিয়া জানার জন্য দেশটির কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
