২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোর কেন্দ্রীয় এলাকায় বিস্ফোরণে আহত ৩ 

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রীয় এলাকার একটি বাসস্টপে ছোট একটি বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Dec 2015, 08:53 AM

Updated : 25 Apr 2022, 02:15 PM

রুশ বার্তা সংস্থাগুলো জানায়, সোমবার রাতের এ বিস্ফোরণকে তদন্তকারীরা উচ্ছৃঙ্খল তরুণদের কাণ্ড বলে বিবেচনা করছেন।

মস্কোর কেন্দ্রীয় অংশের চিস্তি প্রুদি এলাকার পোকরোভকা সড়কে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই এলাকায় প্রচুর বার ও ক্যাফে আছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দ্রেই গালিয়াকবেরভ জানিয়েছেন, সম্ভবত কোনো চলন্ত গাড়ি থেকে অথবা কাছের কোনো ভবন থেকে ঘরে তৈরি বিস্ফোরক ছুঁড়ে মারার কারণে বিস্ফোরণটি ঘটেছে। 

গালিয়াকবেরভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানায়, ভেঙে পড়া কাঁচের টুকরার আঘাতে তিনজন আহত হয়েছেন এবং মস্কো পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থলে রয়েছে।

রাশিয়ার ফৌজদারি আইনানুযায়ী ঘটনাটিকে ‘গুণ্ডামি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নিরাপত্তা বিভাগের এক সূত্রের বরাতে তাস জানায়, আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সামান্য আঘাত পাওয়া অপর একজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে।