২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় স্থলসেনা পাঠাবে না নেটো

তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে সাহায্য করলেও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে নেটো কোনো স্থলসেনা পাঠাবে না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Dec 2015, 08:05 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

সুইজারল্যান্ডের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, “এটা (নেটো) জোট এবং নেটোর মিত্রদেশগুলোর আলোচ্যসূচিতে নেই। আইএস’র বিরুদ্ধে লড়াইকে কোনোভাবেই মুসলিম বিশ্ব ও পশ্চিমা দেশগুলোর মধ্যে যুদ্ধ বলা যাবে না। বরং এটা চরমপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ।”

“এই যুদ্ধে মুসলিমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধের শিকার অধিকাংশই মুসলিম এবং যারা ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের অধিকাংশও মুসলিম। তাদের জন্য আমরা এই সংগ্রাম চালিয়ে যেতে পারি না।”

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আইএস’র বিরুদ্ধে যুদ্ধে ইরাক ও সিরিয়ায় আরও বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই নেটো মহাসচিবকে সেখানে স্থল বাহিনী পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হয়।

স্টলটেনবার্গ বলেন, “যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্য সংখ্যা খুবই সীমিত। শত্রু ভূমিতে তারা মূলত স্থানীয় বাহিনীর সামর্থ্য বাড়াতে কাজ করে। এটি সহজ নয়, যদিও এটাই একমাত্র উপায়।”

সম্প্রতি তুরস্ক-সিরিয়া সীমান্তে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে তুর্কি জঙ্গি বিমান থেকে গুলি করে একটি রুশ বোমারুবিমান ভূপাতিত করা হয়।

এ ঘটনার পর মুখোমুখি অবস্থানে রয়েছে তুরস্ক ও রাশিয়া। নেটো এ ঘটনায় তুরস্ককে সমর্থন জানিয়েছে।

বড়দিনের আগেই তুরস্কের আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য নেটো বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান স্টলটেনবার্গ।

তুরস্কের সঙ্গে রাশিয়ার বর্তমান অচলাবস্থার অবসান হওয়াও জরুরি বলে মনে করেন তিনি।

এছাড়ও, আইএস’র বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে ‘আরও গঠনমূলক ভূমিকা পালনের’ আহ্বান জানান নেটো মহাসচিব।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে দেশটিতে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার দাবি তারা সেখানে অবস্থিত আইএস জঙ্গিদের উপর হামলা করছে।

কিন্তু যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনের দাবি, রাশিয়া মূলত আসাদ বিরোধী বিদ্রোহীদের দমন করতে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে।