ব্যাংককে ভারত-পাকিস্তান বৈঠক অনুষ্ঠিত
ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন।
রোববারের এ বৈঠকে শান্তি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং জম্মু ও কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
দুই বৈরি প্রতিবেশী দেশের এ বৈঠক আন্তরিক এবং গঠনমূলক হয়েছে বলেই বর্ণনা করেছেন উপদেষ্টারা।
এরকম গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার জন্যও দুপক্ষে মতৈক্য হয়েছে বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।
গত সপ্তাহে প্যারিসের জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও অনির্ধারিত একটি বৈঠকে বসেছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, দুই পক্ষের জন্যই সুবিধাজনক হওয়ায় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের স্থান নির্ধারণ করা হয় ব্যাংকক।
ভারত ও পাকিস্তানের মধ্যে থাইল্যান্ডে উচ্চ পর্যায়ের এ বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী মঙ্গলবার আফগান সম্মেলনে অংশগ্রহণের জন্য পাকিস্তান সফরে যাবেন বলে জানানো হয়েছে খবরে।
