রুশ গুপ্তচরকে হত্যার দাবি আইএসের
রাশিয়ার এক গুপ্তচরকে শিরশ্ছেদ করে হত্যার ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কা শহরে এ হত্যাকাণ্ড চালায় জঙ্গিরা। ওই ব্যক্তি গতবছর থেকে সিরিয়া এবং ইরাকে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ গ্রুপ সাইট।
ভিডিওয় দেখা গেছে, এক আইএস জঙ্গি কমলা রঙের পোশাক পরিহিত হাত-পা বাঁধা এক ব্যক্তির পেছনে দাঁড়িয়ে আছে এবং রাশিয়ার গোয়েন্দা সংস্থায় ওই ব্যক্তির যোগ দেওয়া নিয়ে বিস্তারিত বিবরণ দিচ্ছে। এরপরই তাকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়।
আইএস এই প্রথম তাদের কব্জায় থাকা রুশ বন্দির শিরশ্ছেদের দাবি করল।
রয়টার্স ভিডিওটির সত্যাসত্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। মস্কোও তাদের কোনো নাগরিক আইএসের কাছে জিম্মি থাকার খবর দেয়নি।
শিরশ্ছেদের ঘটনাটি নিয়ে রাশিয়ার নিরাপত্তা বিভাগ এবং পররাষ্ট্রমন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুরোধে গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশটির আইএস অবস্থানগুলোতে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।
