২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া নিয়ে ভোটের মুখে লন্ডনে যুদ্ধবিরোধীদের বিক্ষোভ 

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলায় যুক্তরাজ্যের অংশ গ্রহণ নিয়ে পার্লামেন্টে ভোটের মুখে লন্ডনের রাস্তায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 09:23 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স নেতৃত্বাধীন জোটে অংশ নিয়ে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে বিমান হামলা শুরু করতে আগ্রহী। এ নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা বুধবারই।

ক্যামেরন বলেন, “প্যারিসে প্রাণঘাতী জঙ্গি হামলার পর যুক্তরাজ্য তাদের নিরাপত্তার ভার অন্য দেশগুলোর কাছে ছেড়ে দিয়ে রাখতে পারে না।”

কিন্তু খোদ যুক্তরাজ্যেই অনেক মানুষ ক্যামেরনের এ যুক্তির বিপক্ষে।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার প্রায় চার হাজার বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনের কাছ থেকে মিছিল করে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং প্রধান বিরোধীদল লেবার পার্টির প্রধান কার্যালয়ে যায়।

মিছিলে অংশ নেওয়া ওয়ার কোয়ালিশন প্রটেস্ট মুভমেন্টের সদস্য লিন্ডসে জার্মান বলেন, “খুব সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলতে আমরা এখানে এসেছি। সিরিয়ায় বোমা ফেলবেন না। ২০০১ (আফগানিস্তান), ২০০৩ (ইরাক) ও ২০১১ (লিবিয়ায়) সালে যা করেছেন  তা আবারও করবেন না।”

“যাবেন না এবং এমন একটি দেশে বোমা ফেলবেন না যেখানে আমাদের কারণে যুদ্ধ আরও খারাপ দিকে মোড় নেবে।”

যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো জানায়, বিরোধী লেবার নেতা জেরেমি করবিন ও তার মিত্ররা বিমান হামলার বিপক্ষে অবস্থান নেয়ায় তাদের ‘সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীলদের দল’ বলে ক্যামেরন বিতর্ক আরও উসকে দিয়েছেন।

অন্য দিকে গার্ডিয়ান পত্রিকা জানায়, মঙ্গলবার রাতে এ বিষয়ে মন্তব্য করার সময় ‘ক্যামেরন আগে বোমা পরে আলোচনার কৌশল গ্রহণ করেছেন’ বলে অভিযোগ তোলেন করবিন।

গত চার দিনে এ বিষয়ে এটি লন্ডনে দ্বিতীয় বারের মতো বড় ধরনের বিক্ষোভ মিছিল।

বিক্ষোভকারীদের একজন ৬৫ বছর বয়সী জেনি আইলেস বলেন, “(বোমা হামলা চালালে) সিরিয়ার বেসামরিক নাগরিকরা মারা যাবে। আইএসআইএস কে থামানোর একমাত্র উপায় হলো তাদের তহবিল ও অস্ত্রের যোগান বন্ধ করে দেয়া। সিরিয়ার সাধারণ মানুষের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত ।”

বিক্ষোভকারীরা  ‘সিরিয়ায় বোমা ফেল না, আর যুদ্ধ চাই না’ বলে স্লোগান দেয়। এ সময় তাদের হাতে ‘ভয় দেখানো বন্ধ কর, ঘৃণা করা বন্ধ কর, যুদ্ধ বন্ধ কর’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

শনিবারও লন্ডনে এ ধরনের বিক্ষোভ হয়। ওই দিন প্রায় পাঁচ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়।