সন্ত্রাসী হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ব্রাসেলসে
প্যারিসের মতো হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা এখন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ হয়ে গেছে মেট্রো রেলও।
সোমবার হামলার আশঙ্কা থেকে রাজধানীকে নিরাপত্তার চাদরে মোড়ানো হলেও দেশটির অন্য শহরগুলোতে সতর্কতা এক ধাপ নিচে অর্থাৎ তিন-এ রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী চার্লস মিশেল দেশবাসীকে সতর্ক করে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আশঙ্কা করছি, প্যারিসের যেভাবে হয়েছিল, তার কোনো একটির মতো হামলা হতে পারে। কয়েকজন একযোগে কয়েকটি স্থানে হামলা চালাতে পারে।”
বেলজিয়ামের পাশের দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সপ্তাহ আগে ছয়টি স্থানে একযোগে সন্ত্রাসী হামলা হয়, যাতে অন্তত ১৩০ জন নিহত হন।
প্যারিসে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে যাকে চিহ্নিত করা হয়, সেই আবদেলহামিদ আবাউদ বেলজিয়ামের নাগরিক। হামলার কয়েকদিনের মধ্যে প্যারিসের উপকণ্ঠে একটি বাড়িতে পুলিশি অভিযানে তিনি নিহত হন।
আইএস নেতা আবাউদের ভাই এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। বেলজিয়ামে আইএসের আরও কয়েকজন সক্রিয় রয়েছেন বলে ধারণা করা হয়।
হামলাকারী হিসেবে শনাক্ত সালাহ আবদেস্লামও প্যারিস থেকে বেলজিয়ামে ঢুকে পড়েছেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।
ব্রাসেলসের শায়েরবেকের মেয়র বলছেন, দুই সন্ত্রাসী হামলা চালাতে তৈরি বলে তারা জানতে পেরেছেন।
প্রধানমন্ত্রীর ধারণা, হামলাকারীদের লক্ষ্যস্থল হতে পারে বিপণি বিতান, দোকান-পাট ও বাস কিংবা মেট্রো স্টেশন।
ব্রাসেলসের কেন্দ্রস্থলে রাস্তায় পথচারীদের তল্লাশি করছে বেলজিয়ামের পুলিশ ও সেনা সদস্যরা।ছবি: রয়টার্স
স্কুল ও মেট্রো রেলের পাশাপাশি জাদুঘর, সিনেমা হলও সোমবার বন্ধ রাখতে বলা হয়েছে। বিভিন্ন কনসার্ট ভেন্যুতে সন্ধ্যার আয়োজন বাতিল করা হয়েছে। পূর্ব নির্ধারিত ফুটবল ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
অর্থাৎ একটি স্থানে জনসমাগম যাতে বেশি না হয়, তাই করার চেষ্টা করছে সরকার।
ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দপ্তর রয়েছে ব্রাসেলসে। ১২ লাখ মানুষের এই শহরে এখন পথে পথে সৈন্যরা টহল দিচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের রেইন্ডারস বলেন, প্রায় এক হাজার সেনা নগরীতে টহল দিচ্ছে। এক সপ্তাহ আগের তুলনায় যা প্রায় দ্বিগুণ।
মানুষকে সতর্ক থাকতে বললেও আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
