আরও হামলা হতে পারে: ইউরোপোল
প্যারিসে হামলার পর ইসলামিক স্টেট (আইএস) ইউরোপের অন্যান্য স্থানে আরও হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর পুলিশ বাহিনীর সমন্বয়ক সংগঠন ‘ইউরোপোল’ প্রধান।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার ইউরোপীয়ান পার্লামেন্টে ইউরোপোলের পরিচালক রব ওয়াইনরাইট বলেন, “এ ধরনের আরও হামলা হতে পারে... তা ধরে নেয়াটাই যুক্তিযুক্ত।”
ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবারের জঙ্গি হামলাকে তিনি ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে চালানো সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেন। মুম্বাইয়ের কয়েকটি স্থানে একযোগে চালানো ওই হামলায় ১৬৬ জন নিহত হয়।
ওয়াইনরাইট বলেন, “সত্যি বলতে কি মুম্বাইয়ে যা ঘটেছিল সেটাই এখন ইউরোপে ঘটেছে।”
“এটি পরিষ্কার যে, একক হামলার চাইতে এভাবে কয়েক জায়গায় একসঙ্গে সন্ত্রাসী হামলা চালালে তা অনেকবেশি কার্যকর এবং হুমকিসৃষ্টিকারী হয়।”
“নিশ্চিতভাবেই এই ধরনের হামলার মাধ্যমে আইএস তাদের নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ইউরোপকে পরিচয় করাতে চাইছে যাতে আন্তর্জাতিক অঙ্গনে তাদের নাম আরও ছড়িয়ে পড়ে।”
গত মাসে মিশরের সিনাইয়ে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয় এবং ২২৪ আরোহীর সবাই মারা যায়। আইএস এর দাবি তারা বোমা পেতে ওই বিমানটি বিধ্বস্ত করেছে।
বোমা বিস্ফোরণের মাধ্যমেই বিমানটি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারাও।
এ সমস্ত হামলার কথা উল্লেখ করে ওয়াইনরাইট বলেন, “আমাদের এখন খুবই ভয়ঙ্কর, সুসংসঠিত এবং দৃঢ়প্রতিজ্ঞ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মোকাবেলা করতে হচ্ছে, যারা এখন ইউরোপের রাস্তায় রাস্তায় সক্রিয় অবস্থানে রয়েছে। ১০ বছরের মধ্যে তারাই ইউরোপকে সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার আশঙ্কার মুখে ফেলেছে।”
শুক্রবার প্যারিসের কয়েকটি স্থানে প্রায় একই সময়ে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হয়।
প্যারিসে হামলার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী ও বিচারমন্ত্রীরা ব্রাসেলসে এক জরুরি বৈঠকে বসেন।
