ফ্রান্সে অভিযান চালানো ফ্ল্যাট থেকে আরেকটি লাশ উদ্ধার
প্যারিস হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী আবদেলহামিদ আবাউদের সন্ধানে পুলিশের হানা দেয়া ফ্ল্যাটটি থেকে তৃতীয় আরেকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে প্যারিসের উপকণ্ঠে সঁ দেনির ওই ফ্ল্যাটটিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে আবাউদ ও তার একজন নারী আত্মীয়র মৃত্যু হয়।
শুক্রবার প্যারিস কৌসুলি অফিসের পক্ষ থেকে বলা হয়, বুধবার রাতভর ফ্ল্যাটটিতে তল্লাশি চালানোর পর সেখান থেকে আরও একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।মৃতদেহের পরিচয় সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
বুধবার ফরাসি কর্তৃপক্ষ প্রথমে বলেছিল, সাত ঘণ্টার ওই অভিযানে বিস্ফোরণ ও গোলাগুলিতে দুজন নিহত হয়েছে। এর মধ্যে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে একনারী আত্মহত্যা করে। তখন অন্যজনের পরিচয় জানানো হয়নি।
পরদিন ফরাসি কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায়, দ্বিতীয় মৃতদেহটি মরক্কো বংশোদ্ভূত বেলজিয়ান নাগরিক আবাউদের।
তল্লাশির সময় পুলিশ একটি হাতব্যাগে একটি পাসপোর্ট খুঁজে পেয়েছে। ওই পাসপোর্টের মালিকের নাম হাসনা ইতবুলাহসেন। ধারণা করা হচ্ছে এই নারীই বিস্ফোরক বেল্টেরবিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ইতবুলাহসেন আবাউদের ‘কাজিন’।
তবে ফরাসি কর্তৃপক্ষ আবাউদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও নিহত দুই নারীর পরিচয় এখনও নিশ্চিত করে জানায়নি।
শুক্রবার রাতে প্যারিসের ছয়টি স্থানে হামলায় ১২৯ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।
