২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তিনবার পুলিশকে ধোঁকা দিয়ে পালিয়েছেন আবদেস্লাম ’

প্যারিসে হামলাকারী হিসেবে শনাক্ত বেলজিয়ামের সালাহ  আবদেস্লামকে তিনবার ধরার সুযোগ পেয়েছিল ফরাসি পুলিশ। কিন্তু প্রতিবারই পুলিশ তাকে চলে যেতে দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Nov 2015, 12:09 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

সন্দেহভাজন হিসেবে আটক মোহম্মদ আমরির আইনজীবী জাভিয়ে কারেত্তি মঙ্গলবার এসব কথা জানিয়েছেন।

প্যারিস হামলার পরিকল্পনা ও বাস্তায়নে আবদেস্লাম (২৬) অন্যতম কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। প্যারিস হামলার পর ওই রাতেই তাকে তিনবার ধরার সুযোগ পেয়েছিল ফরাসি পুলিশ। কিন্তু প্রতিবারই তাকে ধরতে ব্যর্থ হয়।

যে গাড়িতে করে আবদেস্লাম পালাচ্ছিলেন, সন্দেহভাজনদের ধরতে ব্যাপক অভিযান চালানোর সময় সেটি তিনবার থামিয়ে ছিল পুলিশ। কিন্তু গাড়ির যাত্রীই যে পরে হামলার অন্যতম সন্দেহভাজন হিসেবে শনাক্ত হবে সে বিষয়ে পুলিশ কোনো ধারণাই করতে পারেনি। বেলজীয় গণমাধ্যম আরটিবিএফ-কে এসব কথা জানিয়েছেন কারেত্তি।

তিনি জানান, হামলার দুই ঘণ্টা পর তার মক্কেল আমরিকে বন্ধু আবদেস্লাম ফোন করে বলেন, তার নিজের গাড়িটি ভেঙে গেছে, তাই আমরি তার গাড়িতে করে আবদেস্লামকে ব্রাসেলসে দিয়ে আসতে পারবেন কিনা। 

হামলার সঙ্গে আবদেস্লামের কোনো সম্পর্ক থাকতে পারে তা সন্দেহই করেননি আমরি। নিজে গাড়ি চালিয়ে বন্ধুকে ব্রাসেলসে পৌঁছে দিয়ে আসেন তিনি। এ সময় পথে তিনবার পুলিশ তার গাড়িটি থামালেও যাত্রী আবদেস্লামকে চিহ্নিত করতে পারেনি।

আমরি এখন পুলিশ হেফাজতে আছেন, আর আবদেস্লাম পালিয়ে বেড়াচ্ছেন।

শুক্রবার রাতে প্যারিসে চালানো ওই ভয়াবহ হামলায় ১২৯ জন নিহত হন। আহত হন প্রায় চারশতাধিক। এদের মধ্যে প্রায় ৯০ জনের অবস্থা আশঙ্কাজনক। এ হামলার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

এই হামলার জেরে বিশ্বব্যাপী নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। জার্মানির হ্যানোভারে মঙ্গলবার জার্মানি ও নেদারল্যান্ডসের ফুটবল খেলা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে বোমা হামলার আশঙ্কায় খেলা বন্ধ করে দেয় পুলিশ। এই খেলা দেখতে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের উপস্থিত হওয়ার কথা ছিল।

প্যারিস হামলার প্রতিক্রিয়ায় ইরাক ও সিরিয়ায় আইএসের অবস্থানের উপর ব্যাপক হামলা শুরু করেছে ফ্রান্স। ৩১ অক্টোবর সিনাইতে বিধ্বস্ত রুশ বিমানটি আইএসের পেতে রাখা বোমায় বিধ্বস্ত হয়েছে নিশ্চিত হওয়ার পর ফ্রান্সের পাশাপাশি রাশিয়াও আইএসের অবস্থানগুলো লক্ষ্য করে বিমান হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে।

সিনাইয়ে রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় আরোহী ২২৪ জনের সবাই নিহত হন। নিহতদের অধিকাংশই রুশ নাগরিক।