ফ্রান্স এখন যুদ্ধে: অলন্দ
প্যরিসে জঙ্গি হামলার পর ‘ফ্রান্স যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে’ বলে পার্লামেন্টের এক ভাষণে জানিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ।
পার্লামেন্টের দুই কক্ষের যৌথ এক বিরল অধিবেশনের এ ভাষণে তিনি আরও বলেন, হামলার পর জারি করা জরুরি অবস্থা তিনমাস বাড়ানোর জন্য তিনি একটি বিল উত্থাপন করবেন।
ফ্রান্স কেবল ইসলামিক স্টেটকে (আইএস) দমনই করবে না বরং এ গোষ্ঠীকে ধ্বংস করে দেবে বলেও জানান তিনি।
প্যারিসের কয়েকটি বার, রেস্তরাঁ, একটি কনসার্ট হলে এবং জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রঁসে শুক্রবার রাতে চালানো হামলায় ১২৯ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে আইএস।
জঙ্গিরা আগামী দিনগুলোতে আবারও আঘাত হানতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। এ হামলা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে বলেন তিনি।
ওদিকে, প্রেসিডেন্ট অলন্দ আইএস এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।
বিবিসি জানায়, অলন্দ নিরাপত্তা বাহিনীর জন্য আরও ব্যয় বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেইসঙ্গে আইএস এর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার জন্য বৃহস্পতিবার শার্ল দ্য গল বিমানবাহী রণতরী নামানো হবে বলেও জানিয়েছেন তিনি।
