২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা সংস্থগুলোতে লোকবল বাড়াবে যুক্তরাজ্য

ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার পর ইসলামিক স্টেটকে (আইএস)  মোকাবেলায় গোয়েন্দা সংস্থাগুলোতে অতিরিক্ত ১ হাজার ৯শ’ গোয়েন্দা নিয়োগ করবে যুক্তরাজ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, গোয়েন্দা সংস্থাগুলোকে শক্তিশালী করতে কর্মী আরও ১৫ শতাংশ বাড়ানো হবে। একইসঙ্গে বিমান পরিবহনের নিরাপত্তা ব্যয়ও দ্বিগুণের বেশি বাড়ানো হবে।

জঙ্গিরা যুক্তরাজ্যে হামলার জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং গত ছয় মাসে দেশটিতে সম্ভাব্য জঙ্গি হামলার অন্তত সাতটি পরিকল্পনা বানচাল করা হয়েছে বলেও দাবি করেন ক্যামেরন।

তুরস্ক থেকে বিবিসি বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, "আমরা সিরিয়া থেকে পরিচালিত এইসব সেল সম্পর্কে সজাগ আছি। এরা সব আমাদের নিজেদের দেশেরই উগ্রপন্থি নাগরিক। সম্ভবত হামলা চালানোর জন্য এই সব মানুষদের দেশে ফেরত পাঠানো হয়।"

"গত ছয় মাসে আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা প্রায় সাতটির মত জঙ্গি হামলা আটকাতে সক্ষম হয়েছে। যদিও সেগুলো ছোট আকারে হামলার পরিকল্পনা ছিল। আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার শক্তি বৃদ্ধির কারণগুলোর মধ্যে এটি একটি।"

২৩ নভেম্বর যুক্তরাজ্যের পাঁচবছর মেয়াদী প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্কার পরিকল্পনা প্রকাশের কথা রয়েছে। এই পরিকল্পনার আওতায়ই এমআই৫ এবং এমআই৬ এবং জিসিএইচকিউ নজরদারি সংস্থায় আরও ১৯০০ কর্মী নিয়োগ দেওয়া হবে।

গত মাসে রাশিয়ার একটি বিমান মিশরে বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাজ্য তাদের বিমান পরিবহন নিরাপত্তা পরিকল্পনায়ও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির গোয়েন্দাদের বিশ্বাস, বোমা বিস্ফোরণ ঘটিয়ে রাশিয়ার ওই বিমানটি বিধ্বস্ত করা হয়।

জি২০ সম্মেলনেও বিমান পরিবহন নিরাপত্তা নিয়ে অন্যান্য নেতাদের সঙ্গে ক্যামেরন আলোচনা করবেন বলে জানা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি।

বিশ্বের অন্যান্য দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার যেসব দেশে যুক্তরাজ্যের অনেক নাগরিক ভ্রমণ করে সেই সব দেশের বিমানবন্দরের নিরাপত্তার বিষয়েও দ্রুত খোঁজ খবর নেয়ার নির্দেশ দিয়েছেন ক্যামেরন।

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্যের বিমান পরিবহন নিরাপত্তা কৌশল নিয়ে মঙ্গলবার আলোচনা করবে জাতীয় নিরাপত্তা কাউন্সিল।