ফ্রান্স থেকে সিরিয়া: এক পশ্চিমা জিহাদির ভ্রমণ
প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইসলামিক স্টেটের (আইএস) এক ফরাসি সদস্যের অনলাইন প্রোফাইলে প্রকাশিত দুটো ভিডিওবার্তা চিহ্নিত করেছে রয়টার্স, যা থেকে ধারণা করা কঠিন, এরপর কোথায় আঘাত হানবে তারা।
এরমধ্যে একটি ভিডিও ছাড়া হয়েছিল বছরখানেক আগে, যেখানে তার সঙ্গে আরও একজন ফরাসি ‘জিহাদি’কে দেখা যাচ্ছে।
অজ্ঞাত জায়গায় ধারণ করা ওই ভিডিওতে তারা সতর্ক করে বলেছিল, আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অংশ নেয়ায় ফ্রান্সকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে।
প্যারিস হামলার পরদিন ভিডিওটি পুনঃপ্রকাশের সঙ্গে নতুন আরেকটি ভিডিও পোস্ট করে আবু সালমান নামের ওই ‘পশ্চিমা জিহাদি’, যেখানে আইএসে যোগ দিতে পশ্চিমের মুসলমান ও তরুণদের আহবান জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, আবু সালমান ওই ব্যক্তির আসল নাম নয়, ‘যুদ্ধ নাম’।
পূর্বপরিচয়ের সন্ধান চাওয়া কোন মুসলমান শরণার্থী পরিবারের সদস্য নয়, পশ্চিমা এই অভিজাত জিহাদি উঠে এসেছেন ফ্রান্সেরই ছোট একটি শহর থেকে।
“আমি খ্রিস্টান পরিবারে জন্মেছি এবং ব্যাপটাইজ হয়েছি। যদিও আমার বাবা-মা কখনোই ধর্ম নিয়ে কথা বলতেন না, এমনকি বিয়ে বা কোন অনুষ্ঠান ছাড়া চার্চেও নিতেন না।”, ভিডিওতে নিজের সম্বন্ধে এমনটাই জানান আবু সালমান।
বড় ধরনের মোটর সাইকেল দুর্ঘটনায় অক্ষত থাকার পর আবু সালমান মুসলমান ধর্ম গ্রহণ করেন বলে ভিডিওতে জানান।
যদিও তাদের শহরে ‘মডারেট মুসলিম’দের চালানো মসজিদে গিয়ে দ্রুতই হতাশ হতে হয় তাকে, কেননা তারা ‘ফরাসি মূল্যবোধ’ শেখায়।
“তারা ফরাসি ইসলাম শেখায়, যা বরং অবিশ্বাসী বানায়।” ওই মসজিদ থেকে তাকে তার লম্বা দাড়ি কেটে ফেলতে এবং আফগানি জোব্বা পরতেও বারণ করা হয়।
সালমান জানান, পরে সৌদি আরব সফর তার ‘চোখ খুলে দেয়’। সেখানে তিনি মুহাম্মাদ বিন আব্দুল ওহাবের অনেকগুলো বই কেনেন।
“ওই বইগুলো ইসলাম সম্বন্ধে আমার পূর্ব ধারণা বদলে দেয়। আমি একেশ্বরবাদ নিয়ে অনেক কিছু জানতে পারি, জানতে পারি কিভাবে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়।”
মুহাম্মাদ বিন আব্দুল ওহাব সৌদি আরবের অর্থায়নপুষ্ট ওহাবি স্কুল অব থটের প্রতিষ্ঠাতা।
ভিডিওতে কালো টি-শার্ট ও মিলিটারি ক্যামোফ্লেজ পরিহিত সালমান এরপর ফরাসি ভাষায় জিহাদি স্লোগান উচ্চারণ করে তরুণদের সিরিয়ায় আসার আহ্বান জানান, যেখানে তিনি দুই সপ্তাহের একটি প্রশিক্ষণ শিবির পরিচালনা করেন। সেখানে তাদের দুই সপ্তার ধর্মতত্ত্ব ও দুই সপ্তার অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেয়া হবে।
সালমান জানান, তাদের মধ্যে পশ্চিমা অনেক ডাক্তার-ইঞ্জিনিয়ারও আছেন, যারা সেখানে বউ-বাচ্চা নিয়ে থাকছে।
ভিডিওতে এরপর সালমানকে স্থানীয়দের সাথে মিশে যেতে এবং সিরিয়ার জনবহুল রাস্তা থেকে আঙুর কিনতে দেখা যায়, যাতে তাদের নিষ্ঠুরতা ও নৃশংস হত্যার যে চিত্র তার বিপরীত দৃশ্যই দেখানো হয়েছে।
আইএসের স্বঘোষিত খিলাফত টিকিয়ে রাখতে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে আবু সালমানদের লড়তে হচ্ছে কুর্দিদের বিরুদ্ধে।
ইসলামিক স্টেটের (আইএস) সদস্য আবু সালমান। ছবি: রয়টার্স
ভিডিওতে সিরিয়া, লিবিয়া এবং আফ্রিকার কিছু অংশে খিলাফত প্রতিষ্ঠায় অংশ নিতে পশ্চিমা মুসলমানদের আহবান জানানো হয়।
“খিলাফতের সিংহরা যে প্যারিসে আছে, তা তোমরা বুঝতে পেরেছো। তারা ফ্রান্সে আছে, আছে ইউরোপের সবগুলো শহরে। তারা শুধু নির্দেশের অপেক্ষা করছে।”, বলেন আবু সালমান।
আবু সালমানের এই ভিডিও দুটোকে আইএসের প্রকাশিত অনেকগুলো প্রচার ভিডিও’র অন্তর্ভুক্ত বলেই জানিয়েছে রয়টার্স।
এসব ভিডিওতে প্রচারকারীরা ‘পশ্চিমা ধর্মনিরপেক্ষতাবাদ’ কেন তরুণদের অনুপ্রাণিত করতে পারছে না তার ব্যাখ্যা দিয়ে তরুণদের দলে ভেড়ানোর চেষ্টা করছে।
আইএস হাজারেরও উপর বিদেশি যোদ্ধাকে তাদের দলে ভিড়িয়েছে বলে ধারণা করা হয়, যারা সহজেই মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমে ভ্রমণ করতে পারে। তারা ছোট ছোট দলের মাধ্যমে আরও অনেক পশ্চিমা তরুণকে জিহাদে আগ্রহী করে তুলছে।
প্যারিসে শুক্রবারের ভয়াবহ হামলার পর তদন্তকারী দল জানিয়েছে, প্রতিশোধ নিতে চালানো আইএসের এই হামলায় বহুজাতিক সদস্যের একটি দল কাজ করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। দলটিতে মধ্যপ্রাচ্যের পাশাপাশি বেলজিয়াম, জার্মানি এবং ফ্রান্সেরও কয়েকজন সদস্য ছিল।
আবু সালমান নামের ওই ব্যক্তি শুক্রবারের হামলার সঙ্গে জড়িত ছিল এমন কোন প্রমাণ পাওয়া যায়নি।
এখন পর্যন্ত আত্মঘাতী বোমা হামলাকারীদের মধ্যে একজনেরই সন্ধান পাওয়া গেছে, ২৯ বছর বয়সী ইসমায়েল ওমর মোস্তেফাই।
ফরাসি সংবাদমাধ্যমের ভাষ্যমতে, প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা শাখতের বাসিন্দা আলজেরীয় বংশোদ্ভূত ২৯ বছর বয়সী ইসমায়েল ওমর মোস্তেফাই।
যে সাতজন হামলাকারী প্রাণ হারিয়েছেন তিনি তাদের অন্যতম। বাটাক্লঁ কনসার্ট হলে আত্মঘাতী বোমায় নিজেকে উড়িয়ে দেন তিনি। এই হলেই সবচেয়ে প্রাণঘাতী হামলাটি চালানো হয়েছে।
