২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস হামলা: এক জঙ্গি ‘শরণার্থী হিসেবে সিরিয়া থেকে আসা’

প্যারিসে হামলার ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে সিরিয়ার যোগসূত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 09:18 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

মৃত এক জঙ্গির দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সিরিয়ার পাসপোর্ট। পাসপোর্টধারী ব্যক্তি গ্রিক দ্বীপ হয়ে গত অক্টোবরে শরণার্থী হিসেবে ইউরোপে ঢুকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত মাসে ওই ব্যক্তি শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছিলেন। তার নামের আদ্যক্ষর এ.এ. দেখে সার্বিয়া কর্তৃপক্ষ তাকে চিনতে পেরেছে।

শনিবার গ্রিসের কর্মকর্তারা জানান, পাসপোর্টটির মালিক ওই ব্যক্তি গ্রিসের লেরস দ্বীপ হয়ে ইউরোপে প্রবেশ করে। ৩ অক্টোবর ছোট্ট একটি নৌযানে করে ৭০ জন শরণার্থীর যে দলটি তুরস্ক থেকে গ্রিসে পৌঁছে সেখানে সেও ছিল।

রোববার সার্বিয়া কর্তৃপক্ষ জানায়, গ্রিসে প্রবেশের কয়েকদিন পর ওই ব্যক্তি মেসিডোনিয়া থেকে সীমান্ত অতিক্রম করে সার্বিয়া প্রবেশের সময় নাম নিবন্ধন করেছিলেন।

সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, “ফ্রান্সের নিরাপত্তা সংস্থার নজরদারিতে থাকা সন্দেহভাজন হামলাকারী যার নামের আদ্যক্ষর এ.এ., তিনি এ বছর ৭ অক্টোবর প্রেসেভো সীমান্ত ক্রসিং এলাকায় তালিকাভূক্ত হন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে আশ্রয় প্রার্থনা করেন।”

“তথ্য অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেছে, গ্রিস কর্তৃপক্ষ ৩ অক্টোবর সেখানে প্রবেশ করা যে ব্যক্তির কথা বলেছে, আমরাও সেই একই ব্যক্তির কথাই বলছি। তার বিরুদ্ধে ইন্টারপোল থেকে কোনো পরোয়ানা জারি করা হয়নি।”

ওদিকে, ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়টার্সকে বলেন, ওই ব্যক্তি ৮ অক্টোবর তাদের ওপাটোভাক শরণার্থী শিবিরে নাম নিবন্ধন করে। সেখান থেকে সে হাঙ্গেরি এবং পরে অস্ট্রিয়া প্রবেশ করে।

“নিবন্ধন করার সময় তার বিরুদ্ধে কোনো পুলিশি রেকর্ড খুঁজে পাওয়া যায়নি। তাই তাকে আটকে দেয়ার কোনো কারণ আমাদের ছিল না।”

তবে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কার্ল-হেইঞ্জ গ্রুন্ডবেক বলেন, সন্দেহভাজন ওই ব্যক্তির অস্ট্রিয়া হয়ে অন্য কোনো দেশে প্রবেশের ‘শক্ত প্রমাণ’ এখনও তারা হাতে পায়নি।

গ্রিসের সরকারি সূত্র জানায়, দ্বিতীয় আরেক সন্দেহভাজন প্যারিস হামলাকারীও খুব সম্ভবত গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুধু পাসপোর্টের ভিত্তিতে নয় বরং পরিচয় সনাক্তকারী অন্যান্য তথ্য ও আঙ্গুলের ছাপের সঙ্গেও সেটা মেলে কিনা তা অবশ্যই নিশ্চিত হতে হবে। প্যারিসে হামলাকারীরা শরণার্থী হিসেবে ইউরোপে প্রবেশ করেছে নাকি তাদের পাসপোর্ট কেউ কিনেছে বা চুরি করেছে সেটাও যাচাই করে দেখতে হবে।

এসব তথ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, যদি প্রমাণ হয়, একজন বা তার বেশি হামলাকারী শরণার্থী বা আশ্রয়প্রার্থী হিসেবে ইউরোপে প্রবেশ করেছে, তবে শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের চলমান নীতিতে পরিবর্তন আসবে।

প্যারিসে হামলার পরপরই ইউরোপের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আগত শরণার্থীদের ঢল বন্ধ করার দাবি জানিয়েছে।

পোল্যান্ড সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে, নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া তারা ইইউ’র কোটা পদ্ধতিতে শরণার্থী স্থানান্তরের চুক্তি অনুযায়ী তাদের ভাগে পড়া শরণার্থীদের গ্রহণ করবে না।

তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের জরুরি বিভাগের পরিচালক পিটার বুকেট ট্যুইটারে বলেন, সিরিয়ার যে পাসপোর্টটি খুঁজে পাওয়া গেছে সেটা ভুয়াও হতে পারে। কারণ, তুরস্কে এ ধরনের অনেক ভুয়া তথ্য প্রমাণ কিনতে পাওয়া যায়।