শোকে বিহ্বল ফ্রান্স, প্রশ্নবিদ্ধ নিরাপত্তা
প্যারিসজুড়ে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের সরকারি কৌঁসুলিরা।
পরস্পরের সঙ্গে সংযোগরক্ষাকারী তিনটি দলে বিভক্ত বন্দুকধারী ও আত্মাঘাতী বোমা হামলাকারিরা এসব হামলা পরিচালনা করে বলে শনিবার জানিয়েছেন তারা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এ ঘটনাকে ইসলামিক স্টেটের (আইএস) ‘আগ্রাসন’ বলে অভিহিত করেছেন।
হামলার পর দেশের জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি, পুলিশ ও সেনাদের রাস্তায় রাস্তায় অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন, পাশাপাশি দেশব্যাপী তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
শুক্রবারের ব্যস্ত সন্ধ্যারাতে কয়েকটি রেস্তরা, একটি সংগীতানুষ্ঠানের হলে ও দেশটির জাতীয় ফুটবল স্টেডিয়ামে এসব হামলা চালানো হয়।
ফ্রান্সের সরকারি কৌঁসুলিরা আরো জানিয়েছেন, মধ্যপ্রাচ্য ও বেলজিয়ামের সঙ্গে সম্পর্কিত এবং সম্ভবত জার্মানি ও ফ্রান্সের ভিতরে গড়ে ওঠা জঙ্গিদের সমন্বয়ে হত্যাকারীদের তিনিটি বহুজাতিক দল এসব হামলা পরিচালনা করেছে বলে মনে হচ্ছে।
বিষয়টি নিয়ে একটি আন্তঃসীমান্ত তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।
প্যারিসের একটি হামলাস্থলের পাশ থেকে বেলজিয়াম থেকে ভাড়া নেওয়া একটি গাড়ি পাওয়া গেছে। এর সূত্র ধরে বেলজিয়ামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বেলজীয় কৌঁসুলিরা। হামলার ব্যবহৃত দুটি গাড়ির মধ্যে বেলজীয় গাড়িটি একটি।
গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, সহিংসতার কারণে নিজ দেশ থেকে পালিয়ে আসা সিরীয় শরণার্থীদের পাশাপাশি এক থেকে দুইজন হামলাকারী তুরস্ক থেকে গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করেছে।
সবচেয়ে ববরোচিত নির্বিচার হত্যার ঘটনাটি ঘটেছে প্যারিসের বাতাক্লাঁ নাট্যশালায়। এখানে যুক্তরাষ্ট্রের একটি ব্যান্ডের সংগীতানুষ্ঠানে তিন হামলাকারী অত্যন্ত পরিকল্পিতভাবে অন্তত ৮৯ জনকে গুলি করে ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করে।
সন্ত্রাস-বিরোধী কমান্ডোরা হলটিতে অভিযান চালানো শুরু করলে হামলাকারীরা বিস্ফোরক ভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয় বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।
প্যারিসের আরো পাঁচটি এলাকায় চালানো হামলায় আরো অন্তত ৪০ জনকে হত্যা করে হামলাকারীরা। এসবের মধ্যে জাতীয় স্টেডিয়াম স্তাতে দে ফ্রাঁসে জোড়া আত্মঘাতী বোমা হামলাও আছে। এখানে জার্মান ও ফ্রান্স জাতীয় দলের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন স্বয়ং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
জানুয়ারিতে প্যারিসে নজিরবিহীন একটি সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হওয়ার পর থেকেই সন্ত্রাসী হামলার আশঙ্কায় শহরটিতে উচ্চ সতর্কাবস্থা জারি করা ছিল। তারপরও কীভাবে এ ধরনের একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সম্ভব হল তা নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে আছেন সবাই।
২০০৪ সালে স্পেনের রাজধানী মাদ্রিদে যাত্রীবাহী ট্রেনে বোমা হামলা চালিয়ে ১৯১ জনকে হত্যা করার পর প্যারিসের হামলাই ইউরোপে সংঘটিত সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা।
