‘ব্যভিচারের রাজধানীতে হামলা ক্রুসেডের প্রতিশোধ’
প্যারিসে হামলার দায় স্বীকার করে আইএসের নামে একটি বিবৃতিতে বলা হয়েছে, তাদের ‘খেলাফতের’ বিরুদ্ধে ফ্রান্সের আক্রমণের প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।
শিল্প-সংস্কৃতির শহর প্যারিসকে ‘ব্যভিচার ও পাপাচারের’ রাজধানী বলা হয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি গোষ্ঠীর ওই বিবৃতিতে।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি জায়গায় শুক্রবার সন্ধ্যায় একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা। গুলি করে এবং আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়ে শতাধিক মানুষকে হত্যা করা হয়। হামলায় অংশ নেওয়া আটজনের সবাই নিহত হয়েছে বলে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে।
পরে আইএসের ‘মিডিয়া গ্রুপ’ আল হায়াত মিডিয়া সেন্টারের পক্ষ থেকে এই হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি আসে বলে বিবিসি জানিয়েছে। আরবি ও ফরাসি ভাষায় দেওয়া ওই বিবৃতির একটি অডিও ইউটিউবে ছাড়া হয়।
‘ফরাসি ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদ’ শিরোনামের ওই বিবৃতিতে বলা হয়, “আল্লাহর সহায়তায় পবিত্র এই যুদ্ধে আইএস সফল হয়েছে। এতে খেলাফতের সৈনিক একদল মুমিনের মৃত্যু হয়েছে, যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন এবং সহযোগিতা করেছেন।
“পাশাপাশি ব্যভিচার ও পাপাচারের রাজধানীর মানুষ এবং ইউরোপের (ফ্রান্স) ক্রস পতাকাবাহীদেরও মৃত্যু হয়েছে।”
আইএসের নামে আসা বার্তায় বলা হয়, “আমাদের আট ভাই বিস্ফোরকভর্তি বেল্ট পরে, অ্যাসল্ট রাইফেল নিয়ে সতর্কতার সঙ্গে লক্ষ্যবস্তু ঠিক করে ফ্রান্সের রাজধানীর প্রাণকেন্দ্রে ওই হামলা চালায়।”
‘দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ, তার নবী ও আওলিয়াদের পবিত্র ধর্ম রক্ষার জন্য স্বেচ্ছায় ওই আটজন হামলায় অংশ’ নেয় বলে বিবৃতিতে বলা হয়।
“আল্লাহও তাদের মনোবাঞ্ছা পূরণ করে বিজয় তুলে দিয়েছেন। তারা বীরত্বের সঙ্গে শত্রুদের নাকের ডগায় হামলা চালিয়ে তাদের হত্যা (কতল) করেছে; শত্রুর ঘরের উঠানে গিয়ে তাদের অন্তরে ভয় ধরিয়ে দিয়েছে।”
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দের উপস্থিতিতে জার্মানি ও ফ্রান্সের প্রীতি ফুটবল ম্যাচ চলার সময় প্যারিসের স্টেডিয়াম স্তাদে দে ফ্রান্স-এর পাশে এবং শহরের কেন্দ্রে বাতাক্লাঁ কনসার্ট হলে মার্কিন ব্যান্ড দল ইগলস অব ডেথ মেটালের কনসার্টে হামলার পরিকল্পনার কথা স্বীকার করা হয় বিবৃতিতে।
এতে বলা হয়, এর পাশাপাশি প্যারিস শহরের আরও কয়েকটি জায়গাতেও একযোগে হামলার লক্ষ্য ছিল তাদের।
“হামলাগুলো একসঙ্গে চালানো হয়। আইএসের ওই সৈনিকরা গুলি ফুরিয়ে যাওয়ায় বিস্ফোরক দিয়ে নিজেদের উড়িয়ে দেয়। এর ফলে দুশোর বেশি মানুষ নিহত এবং আর কয়েকশ আহত হয়।”
“ফ্রান্স যতক্ষণ ক্রুসেড পরিচালনা থেকে এবং আমাদের নবী মোহাম্মদ ও মুসলিম খিলাফতের ভূমির উপর বিমান হামলা থেকে সরে না দাঁড়াবে ততোক্ষণ ইসলামিক স্টেটের আক্রমণের লক্ষ্যবস্তুর তালিকার শীর্ষে থাকবে দেশটি; ততোদিন নাক দিয়ে মৃত্যুর ঘ্রাণ টের পেতে থাকবে।”
এর আগেই ভয়াবহ এই সন্ত্রাসী হামলার জন্য আইএসকে দায়ী করে ফ্রাঁসোয়া অলন্দ বলেন, ফ্রান্সের বাইরে থেকে করা পরিকল্পনায় ভেতরে থাকা ব্যক্তিদের সহায়তায় এই হামলা চালিয়েছে দায়েশ (আইএস)।
অলন্দ বলেন, প্যারিসে হামলাকারীরা ‘যুদ্ধ’ চালিয়েছে। আর সে যুদ্ধের মুখোমুখি হয়ে ফ্রান্সের সম্ভাব্য সব কিছু করতে হবে।
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বলেন, “আমরা জানি, এরা কোথা থেকে এসেছে; আমরা জানি, কারা এই অপরাধী, আমরা জানি, কারা এই সন্ত্রাসী।
“তারা আমাদের ভয় দেখাতে চায়.. কিন্তু আমরা সেই জাতি, যারা নিজেদের রক্ষা করতে জানে; যারা জানে, কীভাবে নিজেদেরে শক্তি কাজে লাগাতে হয়। সন্ত্রাসের বিরুদ্ধে আবারও আমাদের জয় হবে।”
