প্যারিসে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার পর সেখানে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস।
প্রয়োজনে দূতাবাসের নম্বর +৩৩১৪৬৫১৯০৩৩ এ কল করতে পারবেন বাংলাদেশিরা।
এছাড়া দূতাবাসের পক্ষ থেকে দায়িত্বে থাকা টিএম রেজাকে +৩৩৬৫১৩৬০২২২ এবং ওয়াহিদ তাহেরকে +৩৩৬১৪৪৯৭০৯৫ নম্বরে পাওয়া যাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার সন্ধ্যায় প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে অন্তত ১২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিটি হলে একটি কনসার্টে গুলিবর্ষণে অন্তত ৮৭ জন এবং স্টেডিয়াম ও রেস্তোরাঁসহ পাঁচটি স্থানে বোমা ও গুলিতে আরও ৪০ জনের মতো নিহত হয়েছেন।
এসব ঘটনায় কোনো বাংলাদেশি হতাহতের খবর এখনও জানা যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ এ হত্যাকাণ্ডের জন্য মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করেছেন।
তিনি বলেন, ফ্রান্সের বাইরে থেকে করা পরিকল্পনায় ভেতরে থাকা ব্যক্তিদের সহায়তায় এই হামলা চালিয়েছে দায়েশ (আইএস)।
অলন্দ বলেন, প্যারিসে হামলাকারীরা ‘যুদ্ধ’ চালিয়েছে। আর সে যুদ্ধের মুখোমুখি হয়ে ফ্রান্সের সম্ভাব্য সব কিছু করতে হবে।
হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
