২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয়বার হামলার শিকার প্যারিস: আতঙ্ক-অবিশ্বাস

অন্যান্য শুক্রবারের রাতের মতোই ছিল রাতটি। প্যারিসের কেন্দ্রস্থলে স্থানীয়রা ও পর্যটকরা বিভিন্ন অনুষ্ঠান দেখছিলেন, খাবার খাচ্ছিলেন কেউবা পান করছিলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Nov 2015, 04:04 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সন্ত্রাসী হামলার শিকার হওয়া পর মানুষের হৃদয়ে স্থান পাওয়া এই শহরটিতে কীভাবে এ ধরনের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারলো তা নিয়ে ফ্রান্স ও ফ্রান্সের বাইরে বিশ্বব্যাপী প্রশ্ন দেখা দিয়েছে।

জানুয়ারি মাসে ব্যঙ্গ সাময়িকী শার্লে এবদুতে হামলার পর সেই হামলাস্থল থেকে মাত্র কয়েকশ কদম দূরত্বে একটি কনসার্ট হলে হামলা চালিয়ে এত মানুষকে হত্যা করা কীভাবে সম্ভব হল- সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে।

স্থানীয় বাসিন্দা ইতালীয় নাগরিক ক্যাটেরিনা গিয়ারদিনো বলেন, “আমরা আমাদের গাড়ি নিয়ে বের হয়ে দেখি বহু মানুষ বাতাক্লাঁ কনসার্ট হল থেকে দৌঁড়ে বের হয়ে আসছেন। তাদের অনেকেরই সারা শরীর রক্তে রঞ্জিত ছিল, লোকজন চিৎকার করে কাঁদছিল।”

নাট্যশালা থেকে সঙ্গীত ভেন্যুতে রূপান্তরিত বাতাক্লাঁ হলে কালো পোশাক পরা চার জঙ্গির নির্বিচার গুলিতে অন্ততপক্ষে ৮৭ জন নিহত হন।  

প্যারিসের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় লু পেতি কম্বোজ রেস্তোরাঁ ও পাশের লু কারিলন বারে গুলিবর্ষণের মাধ্যমে হামলা শুরু হয়।

এর প্রায় ১০ মিনিট পর এই স্থান থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার উত্তরের স্তাদে দে ফ্রান্সের ফুটবল স্টেডিয়ামের বাইরে কয়েকটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এখানে ফ্রান্স ও জার্মানির জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ চলছিল। খোদ ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী খেলা দেখছিলেন।     

Image
প্যারিসের বাতাক্লাঁ কনসার্ট হলের কাছে একজন আহতকে সরিয়ে নিচ্ছেন ফ্রান্সের দমকল বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

প্যারিসের বাতাক্লাঁ কনসার্ট হলের কাছে একজন আহতকে সরিয়ে নিচ্ছেন ফ্রান্সের দমকল বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

এরপর একই এলাকার প্রায় তিনশ মিটার দূরের লু কাসা নস্ত্রা বার ও এক কিলোমিটার দক্ষিণের বাটাক্লঁ কনসার্ট হল ও আরো এক কিলোমিটার দক্ষিণের লু বেলে ইকিপ বারে গুলিবর্ষণ ও হামলার শেষ দিকে বাতাক্লাঁ কনসার্ট হলে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

স্টেডিয়াম বাদে বাকি পাঁচটি হামলাস্থল প্যারিসের ১০ ও ১১তম ডিস্ট্রিক্টে অবস্থিত।

এসব হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১২৮ জন নিহত, ২০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

আহতদের মধ্যে ৯৯ জনের অবস্থা সঙ্কটজনক।

হামলার দায়িত্ব কোনো পক্ষ স্বীকার না করলেও বাতাক্লাঁ কনসার্ট হলের প্রত্যক্ষদর্শীরা হত্যাকারীদের ইসলামিক স্লোগান দিতে ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ফ্রান্সের ভূমিকার নিন্দা করতে শুনেছেন।

বাতাক্লাঁ কনসার্ট  হলে পুলিশি অভিযানের মুখে আত্মঘাতী বোমা হামলা চালায় হামলাকারীরা। মোট আট হামলাকারী নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

প্যারিসে দেড় হাজার সেনা মোতায়েন করা হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা।