২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-যুক্তরাজ্য ৯শ’ কোটি পাউন্ডের চুক্তি সই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাজ্য সফরে দুই দেশ ৯০০ কোটিরও বেশি পাউন্ডের বাণিজ্য চুক্তি সই করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 07:48 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

গত এক দশকের মধ্যে এ প্রথম ভারতের কোনো সরকার প্রধান আনুষ্ঠানিক সফরে যুক্তরাজ্য গেছেন। তিন দিনের সফরে ১২ নভেম্বর যুক্তরাজ্য যান মোদী।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন উষ্ণ অভ্যর্থনা জানালেও সেখানে মোদীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে।

সম্প্রতি কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত এবং সংখ্যালঘু জনগোষ্ঠির মানুষদের হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার কারণে ভারতসহ বিশ্বে মোদী ও তার সরকারের কড়া সমালোচনা হচ্ছে।

বিহারে সর্বশেষ স্থানীয় নির্বাচনে মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভরাডুবি তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ার প্রমাণ দিচ্ছে।

লন্ডনের গিল্ডহলে এক বক্তৃতায় মোদী ব্যবসায়ীদের আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

এশিয়ার দ্রুত বর্ধনশীল দেশগুলো বিশেষ করে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ক্যামেরন।

তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভারতে সংস্কারের যে চেষ্টা করছেন মোদী তাতে তিনি সমর্থন দিতে চান।

এক সংবাদ সম্মেলনে মোদীকে ক্যামেরন বলেন, “এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনায় অর্থনৈতিক সমর্থন দেয়ার ক্ষেত্রে আমরা আপনার এক নম্বর অংশীদার হতে চাই। আমরা চাই লন্ডন ভারতের বাইরে রুপি বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হোক।”

পরে ক্যামেরনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “(মোদীর) এ সফরে যুক্তরাজ্য ও ভারতের কোম্পানি যৌথভাবে ব্যবসা করার ঘোষণা দিয়েছে। আর্থিক মূল্যে যা নয়শ’ কোটি পাউন্ডেরেও বেশি।”

এছাড়া, দুই দেশ একসঙ্গে গবেষণা প্রকল্পে কাজ করা এবং প্রযুক্তি, বিজ্ঞান, অর্থনৈতিক ও কৌশলগত বিষয় বিনিময়ে একমত হয়েছে।

মোদীর এই সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রায় দুইশ’ বিক্ষোভকারী ১০ ডাউনিং স্ট্রিটের কাছে জড় হয়।

তারা মোদী বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। তাদের হাতে ‘মোদী আপনি ভারতের গণতন্ত্রকে হত্যা করছেন’ ‘ভারতে ধর্মীয় নির্যাতন বন্ধ করুন’ ইত্যাদি লেখা ব্যানারও ছিল।

বিক্ষোভকারীদের একজন শিখ ধর্মের কুলদীপ সিং রয়টার্সকে বলেন, “সংখ্যালঘুরা ভারতে নিরাপদ নয় এবং আমরা মূলত এটি নিয়ে উদ্বিগ্ন।”

ক্যামেরনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে মোদী বলেন, ভারত পূর্ণ গণতান্ত্রিক দেশ এবং সংবিধানে দেশটির প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষার নিশ্চয়তা রয়েছে।

“কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অনেক গভীরে প্রোথিত। তবে কোনো ধরনের অসহিষ্ণু আচরণ মেনে নেওয়া হবে না। যে নৃশংস ঘটনাগুলো ঘটেছে সেগুলো মেনে নেওয়া হবে না।”

যদিও গোহত্যা, পাচার ও গোমাংস ভক্ষণের গুঞ্জন তুলে সম্প্রতি উগ্রবাদী হিন্দুরা চারজন মুসলিম ব্যক্তিকে হত্যার ঘটনায় পুরোপুরি নীরব রয়েছেন মোদী। তার এ আচরণের কড়া সমালোচনা হচ্ছে।

মোদীর যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে দুইশ জনের বেশি লেখক যাদের মধ্যে সামলান রুশদি ও ইয়ান ম্যাকওয়ান রয়েছেন, ক্যামেরনকে লেখা একটি খোলা চিঠিতে মোদীর সঙ্গে তার সাক্ষাতের সময় ভারতে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশের আহ্বান জানিয়েছেন।