সু চিকে মিয়ানমারের প্রেসিডেন্টের শুভেচ্ছা
জাতীয় নির্বাচনে সাফল্যের জন্য অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমক্র্যাসিকে (এনএলডি) শুভেচ্ছা জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন।
রোববার মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত প্রায় ৪০ শতাংশ আসনের ফল ঘোষণা করা হয়েছে, যেগুলোতে প্রায় ৯০ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে এনএলডি।
সেনা সমর্থিত বর্তমান ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) মাত্র ৫ শতাংশ আসনে জয়লাভ করেছে।
মিয়ানমারের পার্লামেন্টে ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত।
প্রেসিডেন্টের মুখপাত্র উ ইয়ে হেতুত বিবিসি’কে বলেন, “প্রেসিডেন্টের পক্ষ থেকে দেশের জনগণের প্রতি আমাদের বার্তা হল, প্রেসিডেন্ট থেইন সেইন অবাধ, নিরপেক্ষ ও খুবই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য মিয়ানমারের জনগণকে শুভেচ্ছা জানাতে চান।”
“এবং দ্বিতীয়ত নির্বাচনে সাফল্যের জন্য তিনি এনএলডি’কেও শুভেচ্ছা জানাতে চান। তিনি আশা করছেন এনএলডি ভবিষ্যতে মিয়ানমারের জনগণের ইচ্ছা পূরণ করতে সক্ষম হবে।”
মিয়ানমারে কয়েক দশকের সেনাশাসন শেষে ২৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে গণতান্ত্রিক নির্বাচন বলে বিবেচনা করা হচ্ছে।
দলের বড় সাফল্যের পাশাপাশি সু চি ইয়াঙ্গুনে তার নিজ আসনেও জয়লাভ করেছেন। কিন্তু দলের প্রধান হওয়ার পরও সু চির প্রেসিডেন্ট হওয়ায় সাংবিধানিক বাধা রয়েছে।
তবে সু চি বলেছেন, সাংবিধানিক বাধার কারণে প্রেসিডেন্ট হতে না পারলেও সব ধরণের সিদ্ধান্ত গ্রহণ করা থেকে তাকে কেউ আটকাতে পারবে না।
‘জনগণের ইচ্ছার শান্তিপূর্ণ বাস্তবায়নে’ আলোচনার জন্য আগামী সপ্তাহে বৈঠকে বসার অনুরোধ জানিয়ে মঙ্গলবার সু চি প্রেসিডেন্ট থেইন সেইন, সেনাবাহিনী প্রধান এবং সংসদের স্পিকারকে চিঠি লিখেছেন।
তবে হেতুত বলেন, নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পরই কেবলমাত্র এ ধরনের বৈঠক সম্ভব।
নির্বাচনের ফল ঘোষণা বিলম্বিত করার কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই বলেও জানান তিনি।
১৯৯০ সালের নির্বাচনেও এনএলডি বিপুল ভোটে জয়লাভ করেছিল। কিন্তু পরে ওই নির্বাচনের ফল বাতিল করা হয় এবং দীর্ঘ কয়েক বছর ধরে সু চিকে গৃহবন্দি জীবন কাটাতে হয়।
