২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদ: মিজৌরি বিশ্ববিদ্যালয়ের সভাপতি, উপাচার্যের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণবাদী হয়রানির বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগে স্কুল ফুটবল দল ও অন্যান্য শিক্ষার্থীদের প্রতিবাদে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের মিজৌরি বিশ্ববিদ্যালয়ের সভাপতি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Nov 2015, 04:14 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

সোমবার সভাপতির পদত্যাগের পর নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্যও।

রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি টিম উলফের পদত্যাগ ও এর পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর বৌয়েন লোফটিনের অন্য চাকরিতে যোগ দেওয়ার খবরটি মিজৌরি অঙ্গরাজ্যের জন্য নতুন আঘাত।

নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ কিশোরকে পুলিশ গুলি করে হত্যা করার পর থেকে এক বছর ধরে অঙ্গরাজ্যটিতে বর্ণবাদ নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

এরই মধ্যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়েও বর্ণবাদ বিষয়টি হানা দিল। এই আঘাতের কালিমা পুরো যুক্তরাষ্ট্রের গায়েই লাগছে। 

১২ সেপ্টেম্বর থেকে ‘মিজৌ’ নামে পরিচিত বিশ্ববিদ্যালয়টিতে অশান্ত পরিস্থিতি তৈরি হয়। ওইদিন মিজৌরি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পেটন হেড নিজের ফেইসবুক পাতায় জানান, ক্যাম্পাসে পিকআপ ট্রাকে করে আসা কোনো এক ব্যক্তি তাকে বারবার বর্ণবাদী হয়রানি করছে। 

তার এই পোস্ট ভাইরাল হয়ে যায়, আর এই বিষয়ে সভাপতি উলফ কোনো দৃঢ় পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের মধ্য অসন্তোষ ছড়িয়ে পড়ে।

অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষে ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ওই সময় প্রতিবাদকারীরা বিশ্ববিদ্যালয় সভাপতির গাড়ি আটকে দেন বলে খবর পাওয়া যায়।

ওই মাসেরই শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে স্বস্তিকা আঁকা অনেকগুলো মুখের ছবি পাওয়া যায়। 

গেল রোববার বিশ্ববিদ্যালয়ের রাগবি ফুটবল দলের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়রা উলফ পদত্যাগ না করা পর্যন্ত প্র্যাকটিস করবেন না এবং খেলবেনও না জানিয়ে দেওয়ার পর প্রতিবাদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এ পর্যায়ে কিছু শিক্ষক ও শিক্ষার্থী ক্লাস বর্জনের হুমকি দিলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। 

এই পরিস্থিতিতে সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে সৃষ্ট পরিস্থিতির দায় স্বীকার করে পদত্যাগ করেন সভাপতি উলফ।

বাইবেলের উদ্ধৃতি ব্যবহার করে তিনি বলেন, “আমার পদত্যাগের সিদ্ধান্ত এসেছে ভালবাসা থেকে, ঘৃণা থেকে নয়।”

একই দিনের পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় বোর্ড উপাচার্য লোফটিনের চাকরি ছাড়ার কথা ঘোষণা করে জানান, উপাচার্য লোফটিন চাকরি ছেড়ে দিয়েছেন এবং জানুয়ারি থেকে তিনি নতুন আরেক চাকরিতে গবেষণা পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন।