ফোন কলের তথ্য সংগ্রহ বন্ধ করবে এনএসএ
নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফোন কলের ব্যাপকমাত্রার তথ্য সংগ্রহ বন্ধ করার প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)।
এর বদলে নিদিষ্ট লক্ষ্য নির্ভর একটি পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করবে সংস্থাটি।
চলতি বছরের প্রথমদিকে নভেম্বরের মধ্যে নাগরিকদের ফোন কলের গণতথ্য সংগ্রহ থেকে সরে আসার জন্য সংস্থাটিকে সময় বেঁধে দিয়েছিল কংগ্রেস।
হাতে আসা সরকারি এক বার্তার বরাত দিয়ে এসব কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার বার্তাটি এনএসএ থেকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি বরাবর পাঠানো হয়।
এতে বলা হয়েছে, “নতুন কর্মসূচিকে সমর্থন দেওয়ার জন্য এনএসএ সাফল্যজনকভাবে একটি নতুন কারিগরি নকশার তৈরি করেছে।” এতে বলা হয়েছে, ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মসূচি চালু করা যাবে ।
চলতি বছরের প্রথম দিকে কংগ্রেসের পাস করা এক আইনের কারণে এনএসএ যথেচ্ছভাবে নাগরিকদের ফোন কলের তথ্যসংগ্রহ কার্যক্রম বন্ধ করা হয়। দুই বছর আগে এনএসএর এই গোপন কর্মসূচি সংস্থাটির ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন ফাঁস করে দিয়েছিলেন।
ইউএস ফ্রিডম অ্যাক্ট নামের ওই আইনে গোপন কর্মসূচিটি ছয়মাসের মধ্যে বন্ধ করে আদালতের অনুমতি সাপেক্ষ নির্দিষ্ট লক্ষ্যের ফোনের তথ্যসংগ্রহের বিধান জারি করা হয়।
