২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে অচলাবস্থার অবসান

অস্ট্রেলিয়ায় যাওয়া অবৈধ অভিবাসী ও শরণার্থীদের বন্দিশিবির ক্রিসমাস দ্বীপে বন্দিদের সঙ্গে অভিবাসন কর্তৃপক্ষের সমঝোতায় অচলাবস্থার অবসান হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 02:05 PM

Updated : 12 Oct 2022, 04:25 PM

মঙ্গলবার অস্ট্রেলীয় অভিবাসন কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

এক ইরানি শরণার্থীর মৃত্যুকে কেন্দ্র করে  রোববার থেকে দ্বীপটিতে অশান্ত পরিস্থিতি বিরাজ করছিল। বন্দিশিবির থেকে পালিয়ে যাওয়ার পর ওই ইরানির লাশ পাওয়া যায়। এতে ক্ষুব্ধ শরণার্থীরা বন্দিশিবিরগুলোতে ব্যাপক ভাংচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।

দ্বীপটিতে ‘বড় ধরনের অশান্ত পরিস্থিতি বিরাজ করছে’ স্বীকার করে ‘নিরাপত্তাজনিত কারণে’ সেখান থেকে রক্ষীদের সরিয়ে নেওয়ার কথা সোমবার জানিয়েছিল অস্ট্রেলীয় অভিবাসন বিভাগ।

‘বন্দিদের সঙ্গে আলোচনা করে ও তাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে’ পুরো বন্দিশিবিরের পরিস্থিতি ‘কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা গেছে’ বলে সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে ওই একই বিভাগ।

বিবৃতিতে পাঁচবন্দি আহত হয়েছেন এবং তাদের অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।

তবে এরা ‘অশান্ত পরিস্থিতি’ চলাকালে নাকি শিবিরে পুলিশি অভিযানের সময় আহত হয়েছেন তা পরিষ্কার করা হয়নি। 

বন্দিশিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মঙ্গলবার দিনের শুরুতে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। 

Image
মানচিত্রে ক্রিসমাস দ্বীপ। ছবি: গুগল ম্যাপ

মানচিত্রে ক্রিসমাস দ্বীপ। ছবি: গুগল ম্যাপ

বিবৃতিতে বলা হয়, “ব্যরিকেড তৈরি করে পুলিশকে শিবিরটিতে প্রবেশে বাধা দেয় বন্দিদের একটি দল। পুলিশকে বাধা দেওয়ার সময় অস্ত্র ও বিশেষভাবে তৈরি করা অস্ত্র ব্যবহারের হুমকিও দেয় তারা। এ দলটিকে নিষ্ক্রিয় করতে কিছুটা বল প্রয়োগ করা হয়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেলেও শিবিরের অনেকগুলো স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

শনিবার বন্দিশিবির থেকে ফজল চেগেনি নামের এক ইরানি কুর্দি শরণার্থী পালিয়ে যায়। রোববার সমুদ্র তীরে একটি খাদে ফজলের লাশ পাওয়া যায়।

এ ঘটনার প্রতিবাদে ইরানি বন্দিরা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।

 “শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি থাকলেও অন্যান্য বন্দিরা পরিস্থিতির সুযোগ নিয়ে সম্পদ ভাংচুর করে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করে” বলে সরকারি বিবৃতিতে দাবি করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার গ্রিন পার্টির সিনেটর সারাহ হ্যানসন-ইয়ং বলেছেন, “ক্রিসমাস দ্বীপের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সম্পর্কে সরকারকে বারবার সতর্ক করা হলেও, দুঃখজনকভাবে এসব সতর্কবাণী অগ্রাহ্য করা হয়েছে।”

অস্ট্রেলিয়া সরকারের সতর্কবার্তা  অগ্রাহ্য করে যেসব শরণার্থী সাগরপথে অবৈধভাবে দেশটিতে গিয়ে উপস্থিত হয়েছেন তাদের পার্থ থেকে দুই হাজার ৬৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমের ক্রিসমাস দ্বীপের বন্দিশিবিরে আটক করে রাখা হয়েছে।