২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে রাস্তার পাশে পেতে রাখা বোমায় ১৬ সেনা নিহত

ইয়েমেনের রাজধানী সানার পূর্ব দিকে মারিব প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্ততপক্ষে ১৬ জন সরকারি সেনা নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Nov 2015, 02:16 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

রোববার রাতে বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে দেশটির সামরিক সূত্রগুলো। এ ঘটনায় আরো ছয় সেনা আহত হয়েছেন।

মারিবে একটি সেনা শিবিরের কাছে সেনা টহল দলকে লক্ষ করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাটি কারা ঘটিয়েছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছে সূত্রগুলো।

আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্র রাষ্ট্র ইয়েমেনে চলমান গৃহযুদ্ধ ও সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় সুন্নি আরব দেশগুলোর বিমান হামলায় এ পর্যন্ত অন্ততপক্ষে পাঁচ হাজার ৬শ’ জন নিহত হয়েছেন।

লড়াইরত পক্ষগুলোর একপাশে রয়েছে ইরান সমর্থিত শিয়া হুতি বিদ্রোহীরা ও তাদের মিত্র সাবেক সুন্নি প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনারা। অপরদিকে রয়েছে নির্বাসিত সুন্নি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির পক্ষের সশস্ত্র কয়েকটি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী। 

সম্প্রতি জোট বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলের কিছুটা এলাকা দখল করে নিয়েছে। কিন্তু এরপরও প্রায় প্রতিদিন চালানো জোট বাহিনীর বিমান হামলা সত্বেও হুতিরা দেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।