বিহারে বিজেপির পরাজয়
ধারাবাহিক তৃতীয় মেয়াদের জন্য নিতিশ কুমারকে নিজেদের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে ভারতের বিহার রাজ্যের জনতা।
রোববার বিহার রাজ্য বিধানসভার নির্বাচনের সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা গেছে, নিতিশ ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রাসাদ যাদবের ‘মহাজোট’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে
সর্বশেষ ঘোষিত ফলাফলে বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে মহাজোট ১৭২টি আসনে ও প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৬৫ আসনে জয় পেয়েছে, খবর এনডিটিভির।
বার্তা সংস্থা আইএএনএস জানায়, বিজেপির সভাপতি অমিত শাহ পরাজয় মেনে নিয়ে মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন। বিহারের জনতার রায়কে তার দল শ্রদ্ধা করে বলেও মন্তব্য করেছেন অমিত।
রোববার ট্যুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, “আমি নিতিশ কুমার ও (রাষ্ট্রীয় জনতা দল প্রধান) লালু প্রাসাদ যাদবকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানাই।
“বিহারের জনতার রায়কে আমরা শ্রদ্ধা করি। নতুন সরকারের যাত্রা শুভ হউক।”
তিনি নির্বাচনী এ ফলাফলের জন্য বিহারবাসী, নিতিশ কুমার ও লালু প্রাসাদকে অভিনন্দন জানান।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এ জয় সহিষ্ণুতার জয়, অসহিষ্ণুতার পরাজয়।”
তিনিও নিতিশ কুমার, লালু প্রাসাদ ও বিহারবাসী ‘ভাই-বোনদের’ অভিনন্দন জানান।
বিহারের নির্বাচনে এ জয়ের জন্য নিতিশ কুমারকে ‘রাজনৈতিক হিরো’ বলে অভিহিত করেছেন শিব সেনার নেতা সঞ্জয় রাউত।
