২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কাশ্মিরে মোদির সফরের পর সংঘর্ষ, নিহত ১

ভারত-শাসিত কাশ্মিরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর সরকারি নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 12:39 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

শনিবার কাশ্মিরের শ্রীনগর শহরের এ ঘটনায় এক বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। 

বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে গওহর আহমেদ দার নামের ১৮ বছর বয়সী ওই বিক্ষোভকারী আহত হন, পরে হাসপাতালে মারা যান তিনি।

এই ঘটনার জন্য এক বিবৃতিতে পুলিশ দুঃখপ্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। জেলা হাকিম ফারুক আহমেদ লোন একজন হাকিমের নেতৃত্বে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

দারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শ্রীনগরের পথে পথে বিক্ষোভ আরো তীব্র হয়ে ওঠে। মোদির সফরের সময় নিরাপত্তার চাদরে কাশ্মিরকে প্রায় ঢেকে ফেলা হয়। এতে জনজীবন স্থবির হয়ে পড়ে।

সফরে দেওয়া ভাষণে মোদি বলেন, তিনি ‘নতুন’ ও ‘শক্তিশালী’ একটি কাশ্মির গড়ে তুলতে চান।

রাজনৈতিক বিষয়ে বেশি কথা না বলে মোদি উন্নয়ন নিয়ে কথা বলেন, কাশ্মিরের জন্য এক হাজার ২০০ কোটি ডলার বরাদ্দের অঙ্গীকার করেন।

তবে কাশ্মিরের সমস্যাকে রাজনৈতিক অভিহিত করে শুধু অর্থনৈতিক উপায়ে এর সমাধান করা সম্ভব নয় বলে দাবি করেছেন অঞ্চলটির বেশ কয়েকজন নেতা।

জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, “কাশ্মির ইস্যুকে রুপিতে মেপে প্রধানমন্ত্রী মোদিও পুরনো ভুলের পুনরাবৃত্তি করলেন।”