২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিয়েরা লিওন ইবোলা মহামারি মুক্ত

মধ্যরাতে মোমবাতি প্রজ্বলন ও আনন্দ-উৎসব করে ইবোলা মহামারি থেকে মুক্তি পাওয়ার আনন্দ উদযাপন করেছে সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের বাসিন্দারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Nov 2015, 11:51 AM

Updated : 25 Apr 2022, 02:07 PM

শনিবার দেশটির প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমার উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটিকে ইবোলা মহামারি মুক্ত ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

৪২ ‍দিন পর্যন্ত নতুন কোনো সংক্রমণের ঘটনা না ঘটায় পশ্চিম আফ্রিকার এ দেশটিকে ইবোলা মহামারি মুক্ত ঘোষণা করেন ডব্লিউএইচও এর প্রতিনিধি আন্দ্রেস নর্ডস্ট্রম।   

গত বছর মহামারিটি শুরু হওয়ার পর থেকে এতে দেশটির ২২০ জন স্বাস্থ্যকর্মীসহ প্রায় চার হাজার মানুষ মারা যান।  

মধ্যরাতে কয়েক হাজার মানুষ ফ্রিটাউনের কেন্দ্রস্থলের একটি বিশাল তুলা গাছের চারপাশে জড়ো হন। ইবোলায় মৃত্যুবরণ করা স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে একটি নারী অধিকার গোষ্ঠীর আয়োজনে মোমবাতি প্রজ্বলনে অংশগ্রহণ করেন তারা।   

প্রতিরোধের পর্যাপ্ত উপকরণ ও প্রশিক্ষণের অভাবে এসব স্বাস্থ্যকর্মীরা দায়িত্বপালনকালে ইবোলা সংক্রমিত হয়ে মারা যান।

অনুষ্ঠানে অশ্রুসিক্ত চোখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থি ফাতিমা বলেন, “তাদের আত্মত্যাগের কারণেই আমরা বেঁচে আছি।”

দেশটির প্রথম ইবোলা সংক্রমণ থেকে বেঁচে ফিরে আসা রোগী ভিক্টোরিয়া ইলিয়া উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “যে রোগটি আমাকে প্রায় মেরে ফেলেছিল, দেশ আজ সে রোগ থেকে মুক্তি পাওয়ার আমি খুব আনন্দিত।”

মহামারি শেষ হওয়াতে ফ্রিটাউন শহরের অন্যান্য অংশের বাসিন্দারাও আনন্দ-উৎসব করেন।

ব্যাপক এই মহামারিটি ছড়িয়ে পড়ার মুখে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়, স্বাস্থ্যখাত প্রায় ভেঙে পড়ে এবং দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্থ হয়।

২০১৪ সালের মার্চে ইবোলা মহামারি ঘোষণার পর থেকে সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে প্রায় ২৮ হাজার ৫০০ মানুষ রোগটিতে আক্রান্ত ও ১১ হাজার ৩০০ মানুষ মারা যান। এদের মধ্যে সিয়েরা লিওনে মারা যান তিন হাজার ৯৫৫ জন।

৩ সেপ্টেম্বর লাইবেরিয়াকে ইবোলা মুক্ত ঘোষণা করে ডব্লিউএইচও, কিন্তু গিনিতে এখনও অল্প কয়েকটি সংক্রমণের ঘটনা অব্যাহত আছে।