২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক প্রথম বৈঠকে বসছেন চীন ও তাইওয়ানের প্রেসিডেন্ট

চীনের ক্ষমতা নিয়ে জাতীয়তাবাদী ও কমিউনিস্টদের মধ্যে গৃহযুদ্ধের ৬৬ বছর পর একই দেশের দুটি স্বতন্ত্র অংশের নেতাদের মধ্যে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 12:07 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

শনিবার বিকালে সিঙ্গাপুরে চীনা নেতা প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ানি প্রেসিডেন্ট মা ইং-জিউ এক ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন।

১৯৪৯ সালে গৃহযুদ্ধে পরাজিত চীনা জাতীয়তাবাদী সরকার (কুওমিনটাং বা কেএমটি) তৎকালীন চীনা দ্বীপ তাইওয়ানে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে অবস্থান করে সরকারি পরিচালনা অব্যাহত রাখে তারা।

কিন্তু মূল ভূখণ্ডে কমিউনিস্টরা মাও সেতুং-এর নেতৃত্বে আলাদা সরকার গঠন করে।

তারপর থেকে বেইজিংয়ে কমিউনিস্ট সরকার ও তাইপেতে কুওমিনটাং সরকার দেশটি শাসন করতে থাকে। কিন্তু মূলভূখণ্ড কমিউনিস্টদের অধিকারে থাকায় জাতীয়তাবাদীরা তাইওয়ানেই সীমাবদ্ধ হয়ে পড়ে।

দুটি পক্ষই চীনা উত্তরাধিকারের দাবি নিয়ে আলাদাভাবে শাসিত হয়ে আসলেও চীনের উত্তরাধিকার হিসেবে কমিউনিস্টদের নেতৃত্বাধীন চীনই স্বীকৃতি পায়। কিন্তু তাইওয়ানও স্বতন্ত্রভাবেই শাসিত হতে থাকে।

গৃহযুদ্ধ বন্ধ হলেও দুপক্ষের মধ্যে এ বিষয়ে কখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি সই হয়নি।

তাইওয়ানকে নিজেদের একটি ‘দলছুট’ প্রদেশ বলে মনে করে কমিউনিস্ট চীন। প্রদেশটি একসময় মূল ভূখণ্ডের সঙ্গে যোগ দেবে বলে মনে করে বেইজিং। তবে স্বাধীনতা ঘোষণা করে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করলে শক্তি প্রয়োগে তাইওয়ানকে অন্তর্ভুক্ত করে চীনের অখণ্ডতা বজায় রাখার ঘোষণাও দিয়ে রেখেছে বেইজিং।

এরই মধ্যে ৬৬ বছর পেরিয়ে গেলও দুই বৈরি পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে এ পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। শনিবারই বহু প্রতীক্ষিত প্রথম বৈঠকটি নিরপেক্ষ ভেন্যু সিঙ্গাপুরের একটি বিলাসবহুল হোটেলে হতে যাচ্ছে।

দুনেতার সংক্ষিপ্ত রুদ্ধদ্বার বৈঠকটির পরপরই উভয়পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এরপর নৈশভোজে মিলিত হবেন তারা।

Image
তাইপেতে তাইওয়ানপন্থি আন্দোলনকারীরা সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বৈঠকের প্রতিবাদে তাইওয়ানি প্রেসিডেন্ট ও চীনা প্রেসিডেন্টের ছবিতে আগুন জ্বালানোর চেষ্টা করছেন। ছবি: রয়টার্স

তাইপেতে তাইওয়ানপন্থি আন্দোলনকারীরা সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বৈঠকের প্রতিবাদে তাইওয়ানি প্রেসিডেন্ট ও চীনা প্রেসিডেন্টের ছবিতে আগুন জ্বালানোর চেষ্টা করছেন। ছবি: রয়টার্স

রাতেই তাইওয়ানে ফিরে যাবেন প্রেসিডেন্ট মা।

কুওমিনটাং দলীয় মা ২০০৮ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটানো তার অন্যতম প্রধান নীতি হয়ে দাঁড়ায়।

দুপক্ষের রাজনৈতিক বিভক্তি নিরসনে কোনো অগ্রগতি না হলেও এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি হয়।

আসছে ১৬ জানুয়ারি তাইওয়ানের পরবর্তী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে তরুণদের মধ্যে চীনাবিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে। দ্বীপ নিয়ে বিরোধের জের ছাড়াও চীনের সঙ্গে ঘণিষ্ঠ বাণিজ্য সম্পর্কের মাধ্যমেও তাইওয়ান তেমন লাভবান হবে না বলে মনে করছে তারা।

এ রকম একটি স্পর্শকাতর সময়েই চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মা।

মা’য়ের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “তাইওয়ান প্রণালীর উভয়পাশে বিরাজমান শান্তি ও মর্যাদাকে সংহত করাই প্রেসিডেন্টের বৈঠকের উদ্দেশ্য।” 

বিবৃতিতে আরো বলা হয়েছে, বৈঠকে মা চীনের সঙ্গে কোনো চুক্তিতে সই করবেন না বা কোনো যুক্ত বিবৃতিও দেবেন না।

সিঙ্গাপুরগামী বিমান ওঠার আগেও প্রেসিডেন্ট মা একই বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া চীনের তাইওয়ান সম্পর্কিত দপ্তর প্রধান ঝ্যাং ঝিজুনের বিবৃতি প্রকাশ করে বলেছে, “তাইওয়ান প্রণালীর উভয়পাশের শান্তিপূর্ণ উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য দুনেতা মতবিনিময় করবেন।”