পাকিস্তানে কারখানা ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮
পাকিস্তানের লাহোরে নির্মানাধীন একটি কারখানা ধসে নিহতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে ১৮ জনে দাঁড়িয়েছে।
বুধবার দিনের শেষভাগে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ।
লাহোরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা উসমান জানিয়েছেন, “উদ্ধারকর্মীরা ১৬ জনের লাশ উদ্ধার করেছেন। আহত অন্ততপক্ষে ৪০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পরবর্তী সময়ে সেবা সংস্থা ঈদির কর্মকর্তারা ডন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, তারা ১৮টি লাশ হাসপাতালে হস্তান্তর করেছেন।
উদ্ধারকর্মীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ধ্বংসস্তুপের ভেতর থেকে আতঙ্কিত মানুষের সাহায্যের জন্য আর্তনাদ শোনা যাচ্ছে।
শহরটির সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আহত একজন শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
আহত একজন শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কর্মীরা। ছবি: রয়টার্স
তবে হতাহতের প্রকৃত সংখ্যা উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভবনটি ধসের কারণ এখনো জানা যায়নি। তবে আহত শ্রমিকেরা জানিয়েছেন, ভবনটি চারতলা নির্মাণের অনুমোদন ছিল না। কিন্তু সব সতর্কতা উপেক্ষা করে কারখানার মালিক সকালে কাজ শুরু করেন।
কারখানার মালিকও ভবনের ধ্বংসস্তূপের নিজে আটকা পড়েছেন বলে জানা গেছে।
লাহোরের উপকণ্ঠে সুন্দর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের এ কারখানাটিতে শপিং ব্যাগ তৈরির কাজ হয়।
পাকিস্তানে ভবন নির্মাণে সতর্কতার মাত্রা খুবই নিম্নমানের।
২০১৪ সালের সেপ্টেম্বরে লাহোরে মসজিদের ছাদ ধসে অন্তত ২৪ জন নিহত হয়।
এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে একটি আবাসিক এলাকায় গ্যাস বিস্ফোরণের পর কারখানা ধসে শিশুসহ নিহত হয় অন্তত ১৭ জন।
