পাকিস্তানে কারখানা ধসে নিহত ১০
পাকিস্তানের লাহোরে নির্মানাধীন একটি কারখানা ধসে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জরুরি সেবা কর্মকর্তাদের আশঙ্কা ধ্বংসস্তুপের নিচে প্রায় ১শ’ জন কর্মী আটকা পড়ে থাকতে পারে।
এরই মধ্যে বড় ধরনের উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ঘটনাস্থলে ধ্বংসস্তুপের ভেতর থেকে সাহায্যের জন্য মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিবিসি জানায়, কারখানাটির দুটো তলায় কাজ চলছিল এবং তৃতীয় তলা নির্মাণ করা হচ্ছিল। লাহোরের উপকণ্ঠে সুন্দর ইন্ডাসট্রিয়াল এস্টেটের এ কারখানাটিতে শপিং ব্যাগ তৈরির কাজ হয়।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে কয়েকজনকে বের করতে পেরেছে এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকিস্তানে নিরাপত্তা মানের দিক থেকে বেশির ভাগ ভবনই নিরাপদ না হওয়ায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে।
গত বছর সেপ্টেম্বরে লাহোরে মসজিদের ছাদ ধসে অন্তত ২৪ জন নিহত হয়।
এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে একটি আবাসিক এলাকায় গ্যাস বিস্ফোরণের পর কারখানা ধসে শিশুসহ নিহত হয় অন্তত ১৭ জন।
