চীন ও তাইওয়ানের প্রেসিডেন্ট বৈঠকে বসছেন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউ এক ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন।
শনিবার সিঙ্গাপুরে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এটিই হতে যাচ্ছে বৈরি পক্ষদুটির নেতাদের প্রথম বৈঠক।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অপ্রত্যাশিত কিন্তু ঐতিহাসিক এই বৈঠকটি উভয় প্রেসিডেন্টের জন্যই ঝুঁকি বয়ে আনতে পারে।
আসছে ১৬ জানুয়ারি তাইওয়ানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে তরুণদের মধ্যে চীনাবিরোধী মনোভাব বাড়ছে। দ্বীপ নিয়ে বিরোধের জের ছাড়াও চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্কের মাধ্যমেও তাইওয়ান তেমন লাভবান হবে না বলে মনে করছে তারা।
এ রকম একটি স্পর্শকাতর সময়েই চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মা।
মা’য়ের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “তাইওয়ান প্রণালীর উভয়পাশে বিরাজমান শান্তি ও মর্যাদাকে সংহত করাই প্রেসিডেন্টের বৈঠকের উদ্দেশ্য।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, বৈঠকে মা চীনের সঙ্গে কোনো চুক্তিতে সই করবেন না বা কোনো যুক্ত বিবৃতিও দেবেন না।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া চীনের তাইওয়ান সম্পর্কিত দপ্তর প্রধান ঝ্যাং ঝিজুনের বিবৃতি প্রকাশ করে বলেছে, “তাইওয়ান প্রণালীর উভয়পাশের শান্তিপূর্ণ উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য দুনেতা মতবিনিময় করবেন।”
বৈঠকটিকে সংঘাত ও বিতর্ক নিয়ন্ত্রণের পথে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন ঝ্যাং। বৈঠকটি প্রণালীর উভয়পাশের বাস্তব দৃষ্টিভঙ্গী-সম্পন্ন সব মানুষের ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন লাভ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মেয়াদ না থাকায় আসছে নির্বাচনের পরই ক্ষমতা থেকে মা’কে সরে দাঁড়াতে হবে।
২০০৮ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটানো তার অন্যতম প্রধান নীতি হয়ে দাঁড়ায়। দুপক্ষের রাজনৈতিক বিভক্তি নিরসনে কোনো অগ্রগতি না হলেও এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি হয়।
চীনের গৃহযুদ্ধে কমিউনিস্ট পার্টি জয়লাভ করার পর পরাজিত জাতীয়তাবাদীরা তাইওয়ানে এসে আশ্রয় নেয়। তারপর থেকে দুটি পক্ষই চীনা উত্তরাধিকারের দাবি নিয়ে আলাদাভাবে শাসিত হয়ে আসছে।
গৃহযুদ্ধ বন্ধ হলেও দুপক্ষের মধ্যে এ বিষয়ে কখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি সই হয়নি।
তাইওয়ানকে নিজেদের একটি ‘দলছুট’ প্রদেশ বলে মনে করে কমিউনিস্ট চীন। প্রদেশটি একসময় মূল ভূখণ্ডের সঙ্গে যোগ দেবে বলে মনে করে বেইজিং।
তবে স্বাধীনতা ঘোষণার চেষ্টা করলে শক্তি প্রয়োগে তাইওয়ানকে অন্তর্ভুক্ত করার ঘোষণাও দিয়ে রেখেছে চীন।
