২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিধ্বস্ত রুশ বিমান নিয়ে অপপ্রচার চালাচ্ছে আইএস’

ইসলামিক স্টেট (আইএস) রাশিয়ার বিমান ভূপাতিত করার যে দাবি করছে তা ‘মিথ্যা প্রচারণা’ বলে অভিহিত করেছেন মিশরেরপ্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 07:04 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

বিবিসি’কে তিনি বলেন, সিনাই উপদ্বীপে রাশিয়ার বিমানটি আসলে কিভাবে ধ্বংস হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

শনিবার রাশিয়ার এয়ারলাইন্স কোগলিমভিয়ার (মেট্রোজেটের অংশ) এ-৩২১ মডেলের বিমানটি মিশরের সিনাইয়ে বিধ্বস্ত হয়ে আরোহীদেরসবাই নিহত হয়।

এর পরপরই  ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি মিশরীয় জঙ্গি গ্রুপ বিমানটিকে ভূপাতিত করার দাবি করে। সিরিয়ায় রাশিয়ার বিমানহামলার জবাবে বিমান ভূপাতিত করার দাবি করে জঙ্গিরা। তবে রাশিয়ার পরিবহনমন্ত্রী এ দাবি সঠিক নয় বলে নাকচ করে দেন।

জঙ্গিদের দাবি নাকচ করে মিশরও। সিনাইয়ের জঙ্গিদের আকাশে উড়ন্ত বিমান ধ্বংসের সামরিক সক্ষমতা আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশকরে মিশর।

ওদিকে, সোমবার রুশ এয়ারলাইন্স কোগলিমাভিয়া দাবি করে যে, বাইরের প্রভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে রাশিয়ার ফেডারেল এভিয়েশন এজেন্সির প্রধান আলেক্সান্দার নেরাদকো রাশিয়ান টিভিকে বলেছেন, এ ধরনের কথার এখনও আদৌ কোনো সত্য ভিত্তি নেই। এখনই এ বিষয়ে হলফ করে কিছু বলা যাচ্ছে না।

মিশরের প্রেসিডেন্ট সিসিও এখনই  বিমান বিধ্বস্তের কারণের বিষয়ে কোন উপসংহারে পৌঁছানোর বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, এঘটনা খতিয়ে দেখতে আগ্রহীদের সবাইকেই মিশর তদন্তকাজে অংশ নিতে স্বাগত জানাবে।

যুক্তরাজ্যে সফরে যাওয়ার আগে বিবিসি’ কে সিসি বলেন, “আইএস এর কারণে বিমান বিধ্বস্ত হয়েছে বলে যখন প্রচার চালানো হয়, তখন এটি হচ্ছে মিশরের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং ভাবর্মর্তি ক্ষুন্ন করার একটি পন্থা। বিশ্বাস করুন, সিনাই পরিস্থিতি- বিশেষ করে সীমিত গন্ডির এ এলাকা- আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে আছে।”

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপারও বলেছেন, “বিমান বিধ্বস্তের ঘটনার সঙ্গে সরাসরি সন্ত্রাসের যোগসূত্র থাকার কোনো প্রমাণ নেই। এমন সম্ভাবনাও নেই। তবে বিষয়টি এখনই নাকচ করে দেওয়া যাচ্ছে না।”

২০১১ সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে সিনাইয়ে জঙ্গি তৎপরতা শুরু হয়। এরপর ২০১৩ সালের মাঝামাঝি সময়ে সামরিক বাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর জঙ্গিরা আরও বেশি তৎপর হয়েছে।