সাবেক চীনা জ্যেষ্ঠ কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড
দুর্নীতির দায়ে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের সাবেক শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা লি চোংশি-র ১২ বছরের কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার বার্তা সংস্থা শিনহুয়া চীনের একটি আদালতের দেওয়া রায়ের খবরটি জানিয়েছে।
চোংশি বিচারাধীন সাবেক নিরাপত্তা প্রধান ও কমিউনিস্ট পার্টির নেতা ঝোউ ইয়োংকাং এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এপ্রিলে চোংশির বিরুদ্ধে অভিযোগ আনার পর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিয়াংশির নাংচ্যাংয়ের একটি আদালতে তার বিরুদ্ধে বিচার শুরু হয়।
এই রায়ের মাধ্যমে দুর্নীতির দায়ে সাজার মুখোমুখি হওয়া ঝোইয়ের বিপুল সংখ্যক অনুসারিদের মধ্যে চোংশিও যুক্ত হলেন। এরা সবাই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নেতৃবৃন্দের দুর্নীতিবিরোধী অভিযানের জালে ধরা পড়েছেন।
শিনহুয়া জানায়, আদালতে হাজির হয়ে চোংশি ‘তার অপরাধ স্বীকার করে এর জন্য অনুতাপ প্রকাশ করেছেন’। বিচার প্রক্রিয়ায় আদালতকে সহযোগীতা করার কারণে তার শাস্তি কম হয়েছে বলে জানিয়েছে শিনহুয়া।
ঝোই সিচুয়ান প্রদেশের দায়িত্বে থাকাকালে চোংশির উল্লেখযোগ্য পদোন্নতি হয়। তিনি কমিউনিস্ট পার্টির প্রাদেশিক সহকারী প্রধান ও দুর্নীতি-দমন বিভাগের প্রধান হন।
ঝোউ চীনের অন্যতম শীর্ষ ক্ষমতাবান রাজনীতিবিদ ছিলেন। ক্ষমতার অপব্যবহার ও ঘুর্ষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হয়ে পার্টির পদ হারানোর পর তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগও আনা হয়েছে।
চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্টান্ডিং কমিটির সদস্য ঝোউ ২০১২ সালে অবসরের আগ পর্যন্ত চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ছিলেন।
