২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রুশ বিমানটি মধ্যাকাশেই বিধ্বস্ত হয়’

মিশরের সিনাই উপদ্বীপে বিধ্বস্ত রুশ বিমানটি মধ্যাকাশেই বিধ্বস্ত হয় বলে মন্তব্য করেছেন মস্কো ভিত্তিক একটি বিমান পরিবহন সংস্থার এক কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 11:04 AM

Updated : 12 Oct 2022, 04:21 PM

রোববার সিনাইতে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ পরিদর্শনের পর এ মন্তব্য করেন রাশিয়ার আন্তঃরাষ্ট্র বিমান পরিবহন কমিটির পরিচালক ভিক্টর সোরোচেনকো, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

মস্কো-ভিত্তিক এই কমিটি রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর জোট `কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস’ এর সরকারগুলোর প্রতিনিধিত্ব করে।

তবে এ মন্তব্য থেকে এখনই কোনো সিদ্ধান্ত টানা ঠিক হবে না বলেও সতর্ক করেন সোরোচেনকো। 

তিনি বলেন, “বিমানটি আকাশে ধ্বংস হওয়াতেই এর ধ্বংসাবশেষগুলো ২০ বর্গকিলোমিটারের মতো বিশাল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে এ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো সময় এখনও হয়নি।”

বিবিসির প্রতিবেদনে এক্ষেত্রে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে। বিবিসি বলেছে, বিমানটি মধ্যাকাশে থাকার সময়েই বিধ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ বিমান পরিবহন সংস্থার প্রধান আলেকজান্দার নেরাদকো।

আর রাশিয়ার আন্তঃরাষ্ট্র বিমান পরিবহন কমিটির প্রধান ভিক্টর সোরোচেনকো বলেছেন, এয়ারবাস এ৩২১ কী কারণে বিধ্বস্ত হয়েছে তা নিয়ে সিদ্ধান্ত টানার সময় এখনও হয়নি।

Image
সিনাইয়ে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া রুশ বিমানের ধ্বংসাবশেষ। রুশ স্যাটেলাটের মাধ্যমে গ্রহণ করা ছবিটি রুশ জরুরি মন্ত্রণালয় প্রকাশ করেছে। ১ নভেম্বর, ২০১৫। রয়টার্স

সিনাইয়ে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়া রুশ বিমানের ধ্বংসাবশেষ। রুশ স্যাটেলাটের মাধ্যমে গ্রহণ করা ছবিটি রুশ জরুরি মন্ত্রণালয় প্রকাশ করেছে। ১ নভেম্বর, ২০১৫। রয়টার্স

শনিবার ভোরে সিনাইয়ের লোহিত সাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র শার্ম আল-শেখ থেকে ২১৭ জন রুশ পর্যটককে নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল এয়ারবাস কোম্পানির এ৩২১ মডেলের বিমানটি।

কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই রাডার থেকে অদৃশ্য হয়ে সাত ক্রু-সহ মোট ২২৪ জন আরোহী নিয়ে সিনাইয়ের পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি প্রায় ৩১ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ছিল। 

ওদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিমানটির দুটি ‘ব্ল্যাক বক্স’ এ থাকা তথ্য পরীক্ষা শুরু করেছেন মিশরীয় বিশ্লেষকরা। এ প্রক্রিয়া শেষ করতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনের সঙ্গে জড়িত সূত্রগুলো।

এদিকে বিবিসি জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় রাশিয়াজুড়ে একদিনের শোক পালনের মধ্যেই নিহত অনেকের লাশ সেন্ট পিটার্সবার্গে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত ১৬৩টি লাশ পাওয়া গেছে।