তুরস্ক-যুক্তরাষ্ট্র বিমান হামলায় ৫০ আইএস জঙ্গি নিহত
সিরিয়ায় তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৫০ জনের বেশি ইসলামিক স্টেট জঙ্গি নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপরিচালিত একটি বার্তা সংস্থা।
এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, শনিবার তুরস্কের জঙ্গি বিমান সিরিয়ায় আইএস এর আস্তানাগুলোতে হামলা চালায়।
তুরস্কের ইনসারলিক ঘাঁটি থেকে উড়ে গিয়ে হামলা চালায় ৬ টি তুর্কি জঙ্গি বিমান। সেইসঙ্গে হামলা চালিয়েছে কোয়ালিশন বাহিনীর ড্রোনও (চালক বিহীন বিমান)।
এতে তুরস্কের কিলিস প্রদেশের কাছের সিরিয়া সীমান্তের ৫ কিলোমিটার ভেতরে ইসলামিক স্টেটের আট টি আস্তানা ধ্বংস হয়। সিরিয়ায় স্থল অভিযান চালিয়ে তুরস্ককে সহায়তা করে তুর্কমেন বাহিনীও।
তুরস্ক গত জুলাই থেকে আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে আরো বেশি সক্রিয় ভূমিকা নেওয়ার অঙ্গীকার করে।
